সংবাদ সংস্থা মুম্বই: ১৪ বছরের এক কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ের কান্দিভলি এলাকায়। প্রাথমিক পুলিশি তদন্তে জানা গিয়েছে, আত্মহত্যা করেছে বছর চোদ্দোর সেই কিশোর। গত বুধবার সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। এও জানা গিয়েছে, জনপ্রিয় গুজরাটি টেলিভিশন অভিনেত্রীর একমাত্র সন্তান সেই মৃত কিশোর!

 

পুলিশ সূত্রের খবর, বছর কয়েক আগে মুম্বইয়ের এই অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই তাঁর সঙ্গেই থাকত তাঁদের ছেলে। জানা যাচ্ছে, দুর্ঘটনার দিন কোচিংয়ে কিছুতেই যেতে চায়নি কিশোর। কিন্তু মা জোর করায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। আর তার পরেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

 

কান্দিভলি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই অ্যাপার্টমেন্টের-ই এক বাসিন্দা খবর দেন, কেউ আত্মহত্যা করেছে। শোনামাত্রই ছুটে যান ওই গুজরাটি অভিনেত্রী। গিয়ে দেখেন, মৃত সেই কিশোর আর কেউ নয়—তাঁর নিজের সন্তান!

 

তদন্তে এখনও পর্যন্ত কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। তবে যেহেতু ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ নেই, তাই সম্ভাব্য সব দিক থেকেই তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন কান্দিভলি থানার সিনিয়র পুলিশ আধিকারিক রবি আদানে।

 

সূত্রের দাবি, মৃত কিশোরের মানসিক অবস্থার খোঁজ নিতে স্কুল ও টিউশন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। পাশাপাশি, সে কেন কোচিং এড়িয়ে চলছিল, সেই প্রশ্নেও তদন্ত চলছে জোরকদমে। এই দুর্ঘটনার জেরে পুলিশ একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (ADR) দায়ের করেছে।

 

এই ঘটনায় ফের উঠে এল এক ভয়ঙ্কর বাস্তব—আজকের দিনে কিশোরদের মানসিক চাপ, একাকিত্ব আর বোঝাপড়ার অভাব কী ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিতে পারে। একরত্তি একটা জীবন, একটা ছোট্ট মন—সময়ের আগে থেমে গেল চিরতরে।