আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণের মধ্যে ইরানে আটকে পড়া প্রায় ১০,০০০ ভারতীয় ছাত্রের নিরাপদে ফেরানোর জন্য ভারতের অনুরোধে ইতিবাচক সাড়া দিল তেহরান। সোমবার ইরান জানিয়েছে, যেহেতু তারা নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে, তাই শিক্ষার্থীরা স্থলপথে আজারবাইজান, তুর্কমেনিস্তান অথবা আফগানিস্তানের সীমান্ত দিয়ে বেরিয়ে যেতে পারেন। তবে ভারত সরকার ইরান থেকে পড়ুয়াদের ফেরাতে বিমান পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে। দূতাবাস জানিয়েছে, ‘কিছু ক্ষেত্রে, দূতাবাসের সহায়তায় ছাত্রছাত্রীদের ইরানের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। অন্যান্য বিকল্প পথও খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আপডেট শীঘ্রই জানানো হবে’। উল্লেখ্য, রবিবার রাতে তেহরান মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হোস্টেলের কাছে একটি বিস্ফোরণ ঘটে।

এতে কাশ্মীরের দুই ভারতীয় ছাত্র আহত হন। যদিও তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। ইরানে আটকে পড়া বহু ভারতীয় পড়ুয়া উদ্বেগ প্রকাশ করে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক ছাত্র বলেন, ‘আমরা গত তিন দিন ঘুমোতে পারিনি। যুদ্ধ চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক’। ভারতের পররাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে ক্রমাগত কথাবার্তা চালাচ্ছে বলেই সূত্রের খবর।