আজকাল ওয়েবডেস্ক: এলাকায় এই পুজোর পরিচিতি 'ঘোষ বাড়ির পুজো' হিসেবে। হুগলির চন্দননগরের ফটকগোড়ায়। এবছর এই পুজো পা দিল ২২৭ বছরে। আগে প্রতিমা বাড়িতে তৈরি হলেও এখন আসে কুমোরবাড়ি থেকে।  পরিবারের পক্ষে অনির্বাণ ঘোষ জানিয়েছেন, প্রতিমার চালচিত্র একটু ভিন্ন। এর তিনটি অংশ। একটি অংশে রয়েছে রাধাকৃষ্ণ, মাঝে জগদ্ধাত্রী এবং তারপর কালী। একচালার এই প্রতিমাকে বাড়ির রীতি অনুযায়ী নিবেদন করা হয় লুচি ভোগ। অন্নভোগ থাকে না।  দশমীর দিন পালন করা হয় একটি বিশেষ রীতি। বর্ধিষ্ণু এই পরিবারটির এলাকায় অনেক জমিজায়গা এবং পুকুর আছে। দশমীর দিন সেই পুকুর থেকে তোলা মাছ খেয়ে বাড়ির মহিলারা প্রতিমা বরণ করেন। সময়ের সঙ্গে পরিবার ভেঙে গেলেও পুজো উপলক্ষে সকলেই এক জায়গায় জড়ো হন। চারদিনের আনন্দ উৎসবের পর ফিরে গিয়ে ফের সকলে দিন গুনতে থাকেন আগামী বছরের পুজোর।