আজকাল ওয়েবডেস্ক: দিঘায় উত্তাল সমুদ্রে বিপাকে পর্যটক। প্রতিকূল আবহাওয়ায় শনিবার সমুদ্রে অস্থির পরিস্থিতি। সতর্কবার্তা ছিল প্রশাসনের। পরোয়া না করে এদিন সটান কোমড় জলে নেমে যান বছর ২২-এর এক মহিলা পর্যটক। হঠাৎই এক বিরাট ঢেউয়ের ধাক্কায় তিনি সমুদ্রের গভীরে ভেসে যান এবং তলিয়ে যেতে থাকেন। একটু দূরে ছিলেন কয়েকজন নুলিয়া। পর্যটকের বিপদ বুঝে জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপ দেন তাঁরা।
বহু চেষ্টার পর শেষপর্যন্ত বিপন্ন ওই পর্যটককে উদ্ধার করা হয়। আপাতত দিঘা হাসপাতালে চিকিৎসাধীন ওই পর্যটক। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিলা পর্যটকের পুরোপুরি পরিচয় এখনও জানা যায়নি। এদিন দিঘায় মেরিন ঘাটের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই মহিলা পর্যটক তাঁর সঙ্গীদের সঙ্গে দিঘায় ঘুরতে আসেন। এরপরেই এই ঘটনা ঘটে। নুলিয়া রতন দাশ জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে ওই মহিলা আত্মহত্যার উদ্দেশ্যে সমুদ্রে নেমেছিলেন।
হাসপাতালে জ্ঞান ফেরার পর তিনি জানিয়েছেন তাঁর সঙ্গে টাকা পয়সা কিছুই নেই এবং যাদের সঙ্গে এসেছিলেন তাঁদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা জানতে পেরে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি আত্মহত্যার চেষ্টা না আচমকা ঘটে যাওয়া কোনও দুর্ঘটনা সেবিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। মহিলার সঙ্গে কথা বলে তাঁরা জানতে চাইছেন তাঁর বাড়ি ও অন্যান্য পরিচয়।
















