আজকাল ওয়েবডেস্ক: চুরির দায়ে অভিযুক্ত চোরের বদলে ওয়ারেন্টে দেখা যাচ্ছে বিচারকের নাম! এক অবিশ্বাস্য ভুলে পুলিশের তৈরি করা একটি নন-বেলেবল ওয়ারেন্টে চোরের বদলে বিচারকের নাম উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের থানার অন্তর্গত এলাকায়। বিচারক নাগমা খান চুরির মামলায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে নন-বেলেবল ওয়ারেন্ট তৈরি করার নির্দেশ দেন। অভিযুক্তের নাম ছিল রাজকুমার।
কিন্তু থানার সাব-ইন্সপেক্টর বানওয়ারি লাল সেই ওয়ারেন্টে রাজকুমারের বদলে বিচারক নাগমা খানের নাম লিখে ফেলেন। ওয়ারেন্টে নিজের নাম দেখে বিচারকের মাথা ঘুরে যায়। বিস্ময় প্রকাশ করে গোটা ব্যাপারটা খতিয়ে দেখেন তিনি। ওয়ারেন্টে নিজের নাম দেখে তিনি অবিলম্বে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন এবং ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্তের দাবি জানান।
ফিরোজাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সৌরভ ঘটনার গুরুত্ব বুঝে অবিলম্বে সাব-ইন্সপেক্টর বানওয়ারি লালকে পুলিশ লাইনে সংযুক্ত করেন এবং একটি তদন্তের নির্দেশ দেন। এসএসপি বলেন, ‘এই ধরনের গুরুতর ভুল কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কীভাবে এমন ভুল ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে’। সূত্র মারফত জানা গিয়েছে, সাব-ইন্সপেক্টর বানওয়ারি লাল ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে রিপোর্টে উল্লেখ করেন যে ‘অভিযুক্ত ওই স্থানে পাওয়া যায়নি’। কিন্তু সেই ওয়ারেন্টে নাম ছিল বিচারকের। এই ঘটনার পর রাজ্যজুড়ে প্রশাসনিক গাফিলতির প্রশ্ন উঠেছে এবং পুলিশ বিভাগের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।
















