সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?—

মান রাখল না ডাঙ্কি
লড়াইয়ে শেষ রক্ষা হল না। প্রথম দিনের বক্স অফিসের হিসেব বলছে, ‘আদিপুরুষ’ বা ‘সঞ্জু’-র তুলনায় পিছিয়েই রইল ‘ডাঙ্কি’। শুধু তাই নয়, নিজের ছবি জওয়ান বা পাঠান-এর সঙ্গে টক্করেও পিছিয়ে রইলেন ‘ডাঙ্কি’-র শাহরুখ খান। বিশেষজ্ঞদের হিসেব বলছে প্রথম দিনে দেশ জুড়ে ব্যবসায় মাত্র ৩০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে কিং খানের এই নতুন ছবি। যদিও প্রত্যাশার পারদ চড়েছিল অনেকখানি। 

ফের নতুন ছবি
২০১৮-র পর ২০২৩। পাঁচ বছরের খরা কাটিয়ে পর্দায় ফিরেই হ্যাটট্রিক। পরপর মুক্তি পেয়েছে তাঁর তিনটি নতুন ছবি।‘পাঠান’,’জওয়ান’ এবং ’ডাঙ্কি’। সেই নিয়ে শোরগোলের ফাঁকেই নতুন ছবির ইঙ্গিত দিলেন শাহরুখ খান। নিজেই জানালেন, পরের ছবির শুটিং শুরু হতে পারে নতুন বছরের মার্চ এপ্রিল নাগাদ। তাতে নায়ক হিসেবেই থাকবেন তিনি, সে ইঙ্গিতও দিয়েছেন সাক্ষাৎকারে। 

‘দেবী’-দর্শন
দেখা মিলল দেবীর। অভিনেত্রী বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের একরত্তি মেয়ে পৌঁছল জীবনের প্রথম জন্মদিনের পার্টির আমন্ত্রণ রক্ষা করতে। মেয়েকে নিয়ে দিল মিল গয়ে-র অভিনেতা অভিনেতা আয়াজ খান ও জন্নত খানের মেয়ের জন্মদিনে গিয়েছিলেন দুয়া। ইনস্টাগ্রামে সেই ছবিই ভাগ করে নিয়েছেন বিপাশা। ভক্তদেরও ‘দেবী’-দর্শন সারা!

তারায় ভরা পার্টি
তারকাখচিত জন্মদিন পালন করলেন বলিউড প্রযোজক আনন্দ পণ্ডিত। তাঁর ৬০ তম জন্মদিনে আমন্ত্রিত ছিলেন বলিপাড়ার তারকাকুল। তালিকায় হৃতিক রোশন থেকে অমিশা পটেল, কাজল-অজয় দেবগণ, সলমন খান, মল্লিকা শেরাওয়াত, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ কে নেই! ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন এবং কিং খান শাহরুখও। সবাই মিলেই একটানে বাড়িয়ে দিয়েছেন পার্টির গ্ল্যামার কোশেন্ট!