আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ অসুস্থ। এসএসকেএমে ভর্তি করানো হল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। সোমবার রাত ৯ টা নাগাদ এসএসকেএমের উডবার্ন ব্লকে ভর্তি করানো হয় বিধায়ককে। সোমবার বিধানসভায় যাওয়ার পর থেকেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল মদন মিত্রের। বিধানসভা থেকে বাড়ি ফেরার পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে সন্ধের পর থেকেই। বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি করে এসএসকেএমে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ককে।
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে এবং আপাতত বেশ কয়েকদিন এসএসকেএমেই কাটাতে হবে মদন মিত্রকে। অন্যদিকে মদন মিত্রকে দেখতে এসেছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। উডবান ব্লকের ২০৬ নম্বর বেডে রাখা হয়েছে তৃণমূল বিধায়ককে।