আজকাল ওয়েবডেস্ক : হিন্দি বলয়ের হৃদয়ে মোদি। তিন রাজ্যে গেরুয়া ঝড়ের পর এমন কথাই শোনা যাচ্ছে বিজেপি নেতাদের গলায়। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশে যে উন্নতির জোয়ার এনেছে তার কাছে ধরাশায়ী কংগ্রেস শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উন্নতির রাজনীতিকে মেনে নিয়েছে মধ্যপ্রদেশবাসী। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানমুখী হাওয়াতেই সওয়ার হল মধ্যপ্রদেশ। বিজেপির কাছে জবাব চাওয়ার ভোটে উল্টে কংগ্রেস উঠে গেল কাঠগড়ায়। ভোটের মুখে শিবরাজ সিং চৌহান লাডলি বহেন যোজনায় মহিলাদের আর্থিক সহায়তার অঙ্ক এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই প্রভাব পড়ল ভোটে। শুধু লাডলি বহেনা নয়, শিবরাজের প্রতিটি পরিবারের কন্যাসন্তানকে দুলক্ষ টাকা আর্থিক সহায়তা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারকে ৪৫০ টাকায় সিলিন্ডারের প্রতিশ্রুতি তার দিকে মহিলাদের ভোটকে অনেকটাই প্রভাবিত করেছে। রাহুল গান্ধীর জাতগণনার প্রতিশ্রুতি এই ভোটকে আরও বিজেপিমুখী করেছে বলেও মনে করছেন রাজনীতির কারবারিরা।
JYOTIRADITYA SCINDIA : হিন্দি বলয়ের হৃদয়ে মোদি,ডবল ইঞ্জিন সরকারেই আস্থা
















