আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে চলছে রাজনৈতিক অস্থিরতা। আর তাই শ্রীলঙ্কা এ দলের ম্যাচ বাতিল করে ইতিমধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে কিনা।
ভারত জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। পাকিস্তানও ভারতের হাইব্রিড মডেল মানতে রাজি নয়। এই ডামাডোলের মধ্যেই পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। এই অবস্থায় শুক্রবার আইসিসির মহা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সূচি ঘোষিত হতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক দেশ পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। চাপে পড়ে পাকিস্তানও হাইব্রিড মডেল মেনে নিতে পারে বলে সূত্রের খবর। সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার জন্য একাধিক দেশ যেতে চাইছে না। চাপে পড়ে হাইব্রিড মডেল মেনে নিতে পারে পাকিস্তান।’
১৯৯৬ সালের পর ফের পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য যা অবস্থা, তাতে টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়া হতে পারে। এই মুহূর্তে করাচিতে রীতিমতো ‘লকডাউন’ চলছে। তাই আইসিসি পাকিস্তানের আয়োজক স্বত্ব কেড়ে নিতে পারে। সূত্রের খবর এমনই।
আর যদি পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে যায়, তাহলে তা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সংযুক্ত আরব আমিরশাহিতে। তারপর তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা।
















