আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। যদিও শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।
জামিনের আবেদন করেছিলেন কুন্তল। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের নির্দেশ, শর্তসাপেক্ষে জামিন দেওয়া হল অভিযুক্তকে। আদালত শর্তে জানিয়েছে, অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় হাজিরা বাধ্যতামূলক। মোবাইল নম্বরও জমা দিতে হবে আদালতে। ওই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না। কোনও সাক্ষীকে প্রভাবিত করা চলবে না। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়নি কুন্তলের। তাই এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত কুন্তলের।
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়দের জামিন নিয়ে ভিন্নমত হন দুই বিচারপতি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলের জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় আলাদা মত দেন। তিনি চার জনের জামিন মঞ্জুর করলেও পাঁচ জনের ক্ষেত্রে বিরোধিতা করেন। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হার জামিন দেননি বিচারপতি অপূর্ব সিংহ। তবে চার জনের জামিনের ক্ষেত্রে দুই বিচারপতি একমত হওয়ায় কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডল জামিন পাবেন।
আর দুই বিচারপতি ভিন্নমত হওয়ায় পার্থ চট্টোপাধ্যায়–সহ পাঁচ জনের মামলার রায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে গেল। প্রধান বিচারপতি মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। সেখানেই পার্থদের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
















