আজকাল ওয়েবডেস্ক: ইউরোপীয় মিডিয়ায় কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন প্রধান কোচ হিসেবে জাবি আলন্সোর নাম ঘোষণা করেছে চেলসি। সরকারি ভাবে জানানো হয়েছে চেলসির তরফ থেকে। 

গত ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদ থেকে  ছাঁটাই হওয়ার পর থেকেই নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন আলন্সো। তাঁর নতুন ঠিকানা চেলসি। 

চলতি মরশুমে এফএ কাপ শিরোপা জিতে কিছুটা স্বস্তি পাওয়ায় সুযোগ ছিল চেলসির সামনে। তবে ওয়েম্বলিতে ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে ১–০ গোলে হেরে সেই আশাও শেষ হয়ে যায় ব্লুজদের। 

ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন রানার্স আপের পদক নিচ্ছিলেন, ঠিক তখনই ছড়িয়ে পড়ে আলন্সোর চেলসিতে যোগ দেওয়ার খবর। হতাশ সমর্থকদের জন্য সেটিই হয়ে ওঠে কিছুটা স্বস্তির খবর। 

গত মাসে ব্যর্থতার দায় নিয়ে কোচ লিয়াম রোজনিয়রকে বরখাস্ত করে চেলসি। জানুয়ারিতে এনজো মারেসকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০৬ দিনের মধ্যেই চাকরি হারাতে হয় তাঁকে। এরপর থেকেই স্থায়ী প্রধান কোচ ছাড়াই খেলছিল দলটি।

৪৪ বছর বয়সী আলন্সোকে এবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তাঁর চুক্তি কার্যকর হবে  ১ জুলাই থেকে। খেলোয়াড়ি জীবনে অসাধারণ সাফল্য পাওয়া এই প্রাক্তন মিডফিল্ডার কোচ হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বায়ার লেভারকুসেনকে তিনি চ্যাম্পিয়ন করে জার্মান ফুটবলে ইতিহাস গড়েন। আন্ডারডগ দলকে নিয়ে জিতেছেন লিগ ও কাপ শিরোপা।

তবে রিয়াল মাদ্রিদে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আলন্সো। সেই আলন্সো এবার চেলসির রিমোট কন্ট্রোল হাতে তুলে নিলেন। 
নতুন দায়িত্ব নিয়ে আলন্সো বলেন, ''চেলসি বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য গর্বের। ক্লাবের মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় বুঝেছি, আমাদের লক্ষ্য একই। আমরা এমন একটি দল গড়তে চাই, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।''