আজকাল ওয়েবডেস্ক: জুনের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। বর্ডার গাভাসকার ট্রফিতে হেরে গিয়ে এবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। কিন্তু ফাইনাল ম্যাচে ভারতের জাতীয় দল না থাকলেও দুই ভারতীয় ব্যক্তিত্ব পরোক্ষভাবে ভারতকে গর্বিত করতে চলেছেন। শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি।
সেখানে নাম রয়েছে দুই ভারতীয় জাভাগল শ্রীনাথ এবং নীতিন মেননের। ফাইনালে ম্যাচ অফিশিয়াল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথ বর্তমানে আইসিসির অন্যতম অভিজ্ঞ ম্যাচ রেফারি। মেগা ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই। খেলোয়াড় জীবনে যেমন দক্ষ ছিলেন, অবসরের পরেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অবদান স্মরণীয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বড় মঞ্চে তাঁর উপস্থিতি ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের বিষয়। অন্যদিকে, নীতিন মেনন বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা আন্তর্জাতিক আম্পায়ারদের মধ্যে একজন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চতুর্থ আম্পায়ার হিসেবে তিনি তাঁর প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নিচ্ছেন। এর আগে ২০২১ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন মেনন।
আইসিসির তরফে জানানো হয়েছে ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি। ইলিংওয়ার্থ ইতিমধ্যেই ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন। এটি তাঁর তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের অভিজ্ঞ রিচার্ড কেটেলব্রো। তিনি এর আগে ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ারিং করেছেন।
ম্যাচ রেফারি: জাভাগল শ্রীনাথ (ভারত)
অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), ক্রিস গ্যাফনি (নিউজিল্যান্ড)
টিভি আম্পায়ার: রিচার্ড কেটেলব্রো (ইংল্যান্ড)
চতুর্থ আম্পায়ার: নীতিন মেনন (ভারত)
















