আজকাল ওয়েবডেস্ক: শেষবার বাংলার হয়ে খেলছেন। রবিবার রাতেই ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর ঘোষণা করে দিয়েছেন। সেই ঋদ্ধিমান সাহা বলছেন, আগেই তিনি হয়তো ব্যাট-প্যাড তুলে রাখতেন। কিন্তু দু'জনের কথায় তাঁর অবসর ভাবনা পিছিয়ে দেন। পিছিয়ে দেন অবসরের দিনক্ষণও।
ক্রীড়াবিষয়ক একটি ওয়েবসাইটকে ঋদ্ধিমান বলেছেন, ''এই বছর আমি হয়তো খেলতামই না। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় ও আমার স্ত্রীর অনুরোধেই বাংলার হয়ে এবার খেলে শেষ করতে চাই।'' ১৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৭০১৩ রান ঋদ্ধির ঝুলিতে। ১৪টি সেঞ্চুরি ও ৪৩টি পঞ্চাশের মালিক তিনি।
বাংলার হয়ে ১৫ বছর খেলেছেন ঋদ্ধি। ২০০৭ সালে প্রথমবার বাংলায় খেলেন। ২০২২ পর্যন্ত দলের নিয়মিত সদস্য ছিলেন। মাঝে সিএবির এক কর্তার সঙ্গে মনোমালিন্যের জেরে বাংলা ছাড়েন। দু'বছর ত্রিপুরার হয়ে খেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথাতেই চলতি মরশুমে আবার বাংলায় ফেরেন।
শেষবার বাংলার হয়ে অবদান রাখতে চান। ঋদ্ধি বলছেন, ''আমি গত এক বছর ধরে চেষ্টা করে চলেছি। আমার শারীরিক অবস্থা এবং চোটের জন্যই গোটা মরশুম খেলতে পারব না। আমরা যদি কোয়ালিফাই করি, তাহলে পুরো মরশুম খেলব। নাহলে ইডেন গার্ডেন্সেই শেষ করব।''
আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স রিটেন করেনি ঋদ্ধিকে। নতুন ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেবে এমন সম্ভাবনাও কম। গুজরাট টাইটান্সকেও তিনি জানিয়ে দিয়েছেন, আর আইপিএল খেলবেন না। সেই কারণেই তিনি পুরোদস্তুর ফোকাস করতে চান রনজি ট্রফিতে।
















