আজকাল ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান নেন এমিলিয়ানো মার্টিনেজ। খেতাব ধরে রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিওনেল মেসিরা। এমন সময় চার বছর আগে করা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারের প্রতিজ্ঞা আবার প্রকাশ্যে চলে এল। ১৯৬২ সালের পর ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতেনি কোনও দল। এবার অ্যালবিসিলেস্তেরা বিশ্বকাপ জিতলে কি করবেন এমি? আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর মার্টিনেজ বলেছিলেন, 'আমরা পরপর দু'বার বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবল থেকে আমি অবসর নেব। সেই সময় মনে হয়েছিল, এটা কোনওভাবেই সম্ভব নয়। কিন্তু আরও একবার ফেভারিট হিসেবেই শুরু করবে আর্জেন্টিনা। 

২০২৪ সালের ১৯ ডিসেম্বর এমন মন্তব্য করেছিলেন মার্টিনেজ। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মনটিয়েলের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন আর্জেন্টিনার গোলকিপার। কথোপকথনের সময় এমি জিজ্ঞেস করেন, 'এমন কোনও দল আছে যারা পরপর দু'বার বিশ্বকাপ জিতেছে? তারপর যোগ করেন, 'এটা করতে পারলে, আমি অবসর নেব। আমি প্রতিজ্ঞা করছি। আমি আজ বলছি, আমি অবসর নেব।' পরবর্তীকালে একটি সাক্ষাৎকারেও একই সুর বজায় রাখেন। মার্টিনেজ বলেন, 'আমরা পরপর দুটো বিশ্বকাপ জিতলে, আমি জাতীয় দল থেকে অবসর নেব। তরুণ প্লেয়ারদের জন্য জায়গা তৈরি করতে হবে।' প্রশ্ন হল, কথা কি রাখবেন এমি? বিশ্বকাপের প্রাক্কালে তাঁর পুরোনো বার্তা নিয়ে চলছে চর্চা। 

এবার আর্জেন্টিনার পথ মসৃণ নয়। ফেভারিট হিসেবে শুরু করলেও, বেশ কয়েকটা বাঁধা পেরোতে হবে। নকআউট রাউন্ডের শুরুতে স্পেন বা উরুগুয়ের মুখোমুখি হতে পারে মেসিরা। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হতে পারে। বিশ্ব ফুটবলে চূড়ান্তবার আমনে-সামনে হতে পারে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। ফাইনালে ইংল্যান্ড বা ফ্রান্সের মুখোমুখি হতে পারে। বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মেসিদের। ১৯৬২ সালে শেষবার পরপর বিশ্বকাপ জেতে ব্রাজিল। তারপর থেকে আর এই রেকর্ড নেই কোনও দলের। এবার কি সেটা করতে পারবে আর্জেন্টিনা? সময়ই বলবে।