আজকাল ওয়েবডেস্ক: সুইস বাধা পেরিয়ে আর্জেন্টিনা পৌঁছল সেমিফাইনালে। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
আটলান্টার ম্যাচটি স্পেশ্যাল হয়ে উঠেছে আরও একটি কারণে। দীর্ঘ দুই দশকের বেশি আন্তর্জাতিক কেরিয়ারে এর আগে কখনওই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে তাঁর ২০৬ নম্বর ম্যাচটিই হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম লড়াই। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির সঙ্গে ইংল্যান্ডের এটি হবে প্রথম সাক্ষাৎ।
ইতিহাসও যোগ করছে নতুন এক অধ্যায়। ২১ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
২০০৫ সালে জেনিভায় এক প্রীতি ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচের কয়েক মাস আগে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়া মেসি লাল কার্ড দেখেছিলেন এবং পরের ম্যাচে নিষিদ্ধও হয়েছিলেন। ফলে ইংল্যান্ডের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে দেখা হতে মেসির লেগে গেল এতটা সময়।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনও শেষ চারে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। এর আগে ১৯৮৬ ও ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়েছিল তারা।
১৯৬৬ জিতেছিল ইংল্যান্ড। ১৯৮৬ সালে প্রতিশোধ নিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত 'গোল অফ দ্য সেঞ্চুরি' সবার স্মৃতিতে এখনও টাটকা।
এবারের সেমিফাইনাল শুধু একটি ম্যাচ নয়। এটি ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর নতুন এক অধ্যায়ের অপেক্ষা। মাঠের ভিতরে মেসি অনেককিছু করলেও কিছু জিনিস বাকি রয়েছে। কেরিয়ারের শেষের দিকে এসে সবই পূর্ণতা পাচ্ছে।















