আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই অঘটনের সাক্ষী মার্কিন মুলুক। রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় নিয়েছে জার্মানি, নেদারল্যান্ডস। এক গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিল এবং ইংল্যান্ডের। এবার অগ্নিপরীক্ষার মুখে স্পেন। প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, লামিন ইয়ামালকে নিয়ে। পুরো নব্বই মিনিট কি খেলতে পারবেন? স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচের আগে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে। জানিয়ে দেন, প্রয়োজন পড়লে স্পেনের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলার জন্য ফিট ইয়ামাল। স্পেনের তিনটে গ্রুপ ম্যাচ মিলিয়ে মাত্র ১৪১ মিনিটে খেলেছেন। করেছেন একটি গোল।
এবারের বিশ্বকাপে তারকাদের আধিপত্য। লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, হ্যারি কেন, ভিনিসিয়াস জুনিয়র, আরলিং হালান্ড প্রমুখ। তালিকায় একমাত্র নাম নেই লামিন ইয়ামালের। ২২ এপ্রিল হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছিল। তাই প্রতিভাবান তারকাকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায়নি স্পেনের কোচিং স্টাফ। নকআউট পর্ব শুরুর আগে সোফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন স্পেনের কোচ। সেখানেই দলের স্টার ফুটবলারের প্রয়োজনে নব্বই মিনিট খেলার আভাস দেন। ফুয়েন্তে বলেন, 'আমরা যতক্ষণ চাই, লামিনকে খেলাতে পারি। আমরা অন্যান্য ফুটবলারদের চোট যেভাবে হ্যান্ডেল করি, ওর ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে। লামিন আগের থেকে উন্নতি করেছে। সবাই দেখতে পাচ্ছে, ও খেলার জন্য কতটা উদগ্রীব।'
চলতি মরশুমে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য লা লিগায় শেষ ছয় ম্যাচ মিস করেন ইয়ামাল। তার আগে বার্সিলোনার জার্সিতে ২৪টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। কেপ ভার্দের বিরুদ্ধে শেষের দিকে নামেন। সৌদি আরবের বিরুদ্ধে শুরু করেন। ১০ মিনিটের মাথায় গোলও পান। উরুগুয়ের বিরুদ্ধে ৭৬ মিনিট খেলেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্বমঞ্চে কোনও নকআউট ম্যাচ জেতেনি স্পেন। শেষ দুই বিশ্বকাপে প্রথম নকআউট ম্যাচ হেরে বিদায় নেয়। ২০১৪ বিশ্বকাপে গ্রুপের গণ্ডি পার করতে পারেনি। তবে বর্তমান প্রজন্মের হাত ধরে স্বপ্ন দেখতেই পারে স্পেন। ফুয়েন্তের কোচিংয়ে ২০২৩ নেশন্স লিগ এবং ২০২৪ ইউরো কাপ জেতে স্পেন। লা লিগায় ৪৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হারেন। চলতি বিশ্বকাপে পরপর তিন ম্যাচে ক্লিনশিট। স্বপ্ন দেখতেই পারে স্প্যানিশ সমর্থকরা।
















