আজকাল ওয়েবডেস্ক: কিছুই ঠিকঠাক হচ্ছে না বাবর আজমের। তাঁকে দল থেকে ছেঁটে ফেলে দিয়ে পাকিস্তান সাফল্যও পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে। ফর্মে ফেরার জন্য বাবর আজমকে পরামর্শ দিচ্ছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। তাও আবার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে। কী পরামর্শ দিলেন বীরু?
নজফগড়ের নবাব বলছেন, ''বাবর আজম বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলুক। নিজের ফিটনেসের উপরে জোর দিক। পরিবারের সঙ্গে সময় কাটাক। তার পরে আরও বেশি ফিট হয়ে এবং মানসিক দিকে থেকে শক্তিশালী হয়ে ফিরে আসুক আন্তর্জাতিক ক্রিকেটে।''
সম্প্রতি সময়টা ভাল যায়নি বাবরের। গত ১৮টি ইনিংসে পঞ্চাশ করতে পারেননি বাবর আজম। ২৬ ডিসেম্বর, ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ১৬১ রান করেন। ২০২৩ সালে মাত্র ৩৬৬ রান করেন বাবর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বাবর আজম ৩০ এবং ৫ রান করেন। তার পরই দল থেকে ছেঁটে ফেলা হয় পাক তারকাকে।
শেহবাগ বলছেন, ''বাবরের কাছ থেকে প্রত্যাশা কমছে। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো প্রমাণ করছে বাবর আজম মানসিক দিকে থেকে ধাক্কা খেয়েছে। টেকনিকের দিক থেকে খুব একটা ক্ষতি হয়েছে বলে মনে করি না। ওকে মানসিক দিক থেকে শক্তিশালী হতে হবে। অত্যন্ত প্রতিভাবান প্লেয়ার। এই ধরনের ক্রিকেটার দ্রুত ফিরে আসতে পারে।''
