আজকাল ওয়েবডেস্ক:ইরানের জাতীয় ফুটবল দলের আসন্ন ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটল। শনিবার সে দেশের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা টুর্নামেন্টে খেলবে।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, গ্রুপ জি-তে ইরানের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। আগামী ১৫ জুন লস এঞ্জলসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।
তবে অংশগ্রহণ নিশ্চিত হলেও আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার প্রতি বেশ কিছু শর্ত দিয়েছে ইরান। গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে কানাডায় প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই শর্তগুলো দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ''আমরা বিশ্বকাপে অংশ নেব, তবে আমাদের উদ্বেগগুলো আয়োজকদের বিবেচনা করতে হবে।''
ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও স্টাফদের জন্য ভিসা সহজলভ্য করা, জাতীয় পতাকা ও সঙ্গীতের প্রতি সম্মান দেখানো, এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা।
এছাড়া ফেডারেশন বিশেষভাবে দাবি করেছে, দলের সব সদস্য, বিশেষ করে যারা সামরিক দায়িত্বের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি—তাঁদের ভিসা প্রক্রিয়ায় কোনও ধরনের জটিলতা না রাখা হয়।
ফেডারেশন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ''আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেব। তবে আয়োজকদের আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও উদ্বেগকে সম্মান করতে হবে।''
ইরান আরও জানিয়েছে, তারা প্রতিযোগিতায় অংশ নিলেও নিজেদের মূল্যবোধ ও জাতীয় অবস্থান থেকে কোনওভাবে সরে যাবে না।
















