আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়বে বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রীড়া টুর্নামেন্টের। শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবারের বিশ্বকাপ অন্যান্য বারের তুলনায় কিছুটা আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো এবং কানাডাও। ফলে ওপেনিং সেরেমনির স্থান এবং সময় নিয়ে দোটানায় থাকতে পারে ফুটবল ফ্যানরা। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সবচেয়ে বড় প্রশ্ন হল, ভারতে কটা থেকে এবং কোথায় দেখা যাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? 

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিনটে দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় প্রথম ম্যাচের আগে হবে অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটিতে। ২০১০ সালের পর আবার অভিষেক ম্যাচে মুখোমুখি মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। তার আগে হবে ওপেনিং সেরেমনি। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় বিশ্বকাপের প্রথম ম্যাচ। তার আগে রাত সাড়ে দশটায় মেক্সিকোতে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। ভারতে জি ফাইভ এবং উনাইট এইট স্পোর্টসে উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে। ওপেনিং সেরেমনি ডিডি স্পোর্টেসেও দেখানো হতে পারে। ভারত সরকারের উদ্যোগে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ এই চ্যানেলে দেখানো হতে পারে। 

উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবে? স্বাভাবিকভাবেই রয়েছে শাকিরার নাম। এবারের বিশ্বকাপের থিম সং গেয়েছেন পপ আইকন। এর আগে তিনটে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এস্তাদিও অ্যাজটেকাতে। এই স্টেডিয়ামেই উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের অফিসিয়াল গান 'দাই দাই' পারফর্ম করবেন শাকিরা। তাঁর সঙ্গে থাকছেন গ্র্যামি জয়ী নাইজেরিয়ান আফ্রবিটস সুপারস্টার বার্না বয়। বিশ্বমঞ্চে বিশ্বকাপের থিম সং প্রথমবার লাইভ পারফর্ম করা হবে। এছাড়াও পারফর্ম করবেন দক্ষিণ আফ্রিকার টাইলা এবং কলম্বিয়ার জে বলভিন। দেড় ঘণ্টার শো। তাতে স্থানীয় ফ্লেভার যোগ করবেন মেক্সিকোর তারকা আলেজান্দ্রো ফার্নান্দেজ, লীলা ডাউন্স, বেলিন্দা, ড্যানি ওশান, আইকনিক রক ব্যান্ড মানা এবং লস অ্যাঞ্জেলেস আজুলস।

তিনটে উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে মার্কো বলিচ। বিভিন্ন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা আছে তাঁর। যার মধ্যে রয়েছে এবারের উইন্টার অলিম্পিকও। ১২ জুন কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন মাইকেল বাবল, আলানিস মরিসেত্তি এবং ভারতীয় স্টার নোরা ফতেহি। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে ওপেনিং সেরেমনি। মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, লিসা, রেমা, ফিউচার এবং অনিতা। বৃহস্পতি রাত থেকে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হতে চলেছে গোটা বিশ্ব।