আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে বিতর্ক আর কাটছে না। 

বাংলাদেশ নেই। পাকিস্তান রয়েছে বিশ্বকাপে। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচে নেই ইমরান খানের দেশ। এমনটাই বার্তা ভেসে এসেছে ওয়াঘার ওপার থেকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য আজ সোমবার শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার কথা পাকিস্তানের। 

৭ ফেব্রুয়ারি থেকে বল গড়াচ্ছে আইসিসি বিশ্বকাপের। মেগা টুর্নামেন্টের বল গড়ানোর আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। 

 পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাক মহারণ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান তো নামতেই চাইছে না ভারতের বিরুদ্ধে। 

এবারের বিশ্বকাপে পাকিস্তান নিরেপক্ষে ভেন্যুতে সব ম্যাচ খেলবে। ভারতের বিরুদ্ধে ম্যাচটা না খেললে পাকিস্তান মাঠে উপস্থিত থাকবে না। 

অন্যদিকে গ্রুপ পর্বের একটি ম্যাচ বাদ দিলে ভারতের সব ম্যাচই কিন্তু ঘরের মাঠে। পাক ম্যাচের জন্যই ভারতকে যেতে হত দ্বীপরাষ্ট্রে। 
এখন পাকিস্তান ঘোষণা করে দিয়েছে তারা ভারতের বিরুদ্ধে খেলতে রাজি নয়। এমন অবস্থায় ভারত কী করবে? 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা বলেছেন, ভারত নির্ধারিত সূচি মেনেই সব কিছু করবে। ভারত ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় যাবে। আইসিসি-র সমস্ত প্রটোকল মেনে চলবে। 

টুর্নামেন্টে অনুশীলন ও সাংবাদিক বৈঠকের যা রীতিনীতি তা অনুসরণ করবে। নির্ধারিত সূচি অনুযায়ী সূর্যকুমার যাদবরা অনুশীলনও করবে। সাংবাদিক বৈঠকও করবে এবং নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামেও পৌঁছবে। এরপর ম্যাচ বাতিলের ঘোষণার জন্য ভারত অপেক্ষা করবে। 

ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তার আগে নিউ জিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত করেছে ভারতীয় দল। বিশ্বকাপেও সূর্যর দলকেই ফেভারিট বলে মনে করা হচ্ছে।