আজকাল ওয়েবডেস্ক: গত এশিয়া কাপ থেকেই পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন বন্ধ রেখেছেন সূর্যকুমার যাদবরা। টি–২০ বিশ্বকাপেও এর অন্যথা হয়নি। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তারপর ভারতের ‘অপারেশন সিঁদুর’–এর পর থেকে ভারত–পাক সম্পর্ক উত্তপ্ত। তার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। এই করমর্দন না করাকে যদিও ভালভাবে দেখছেন না টেম্বা বাভুমা।
চলতি টি–২০ বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বাভুমাকে। তিনি বাইরে থেকে বিষয়টি দেখেছেন। তাঁর মনে হয়েছে, এরকম না হলেই ভাল হত। সংবাদসংস্থা পিটিআইকে বাভুমা বলেছেন, ‘বাইরে থেকে দেখলে ব্যাপারটা ভাল দেখায় না। ক্রিকেটের জন্যও সেটা ভাল নয়। দিনের শেষে তো এটা ভদ্রলোকের খেলা। সেটা শুনেই বড় হয়েছি। তাই ক্রিকেটারদের কাছে কিছুটা ভদ্র ব্যবহার আশা করা যায়।’
তিনি যে হাত না মেলানোর বিপক্ষে তা স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি বাভুমা এটাও জানিয়েছেন, ভারত–পাকিস্তানের সম্পর্ক ও রাজনীতির বিষয়ে কোনও ধারণা তাঁর নেই। ফলে শুধুমাত্র এক দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলছেন। বাভুমা বলেন, ‘আমি বাইরে থেকে বিষয়টা দেখছি। ভারত–পাকিস্তানের মধ্যে যে রাজনীতি, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা আমার নেই। কিন্তু শুধুমাত্র যদি একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে বলব, বিষয়টা ক্রিকেটের পক্ষে শুভ নয়।’
একই মত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের। তিনি বলেছেন, ‘পুরো বিষয়টা তিক্ততায় ভরে গিয়েছে। খুব খারাপ লাগছে। ক্রিকেট মাঠে করমর্দন হবে না, সেটা ভাবাই যায় না।’
তবে ইংল্যান্ডের আর এক প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের মতে, সবটাই হচ্ছে ক্যামেরার সামনে। লোকচক্ষুর আড়ালে ক্রিকেটারদের মধ্যে ভালই সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘ওরা কি পর্দার পিছনে কথা বলছে না? আমি কোথাও একটা পড়লাম, সকলে গল্প করছে। দেখে মনে হচ্ছে, পুরোটাই ক্যামেরার সামনে নাটক। সামনে কেউ কারও সঙ্গে হাত মেলাচ্ছে না। কিন্তু পিছনে ওরা কথা বলছে। সম্পর্কে কোনও তিক্ততা নেই।’
এটা ঘটনা, টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা হাত মেলাননি। খেলা শেষেও কেউ কারও সঙ্গে হাত মেলাননি। কিন্তু খেলার আগে অনুশীলনে দেখা গিয়েছে ভারত ও পাকিস্তানের কয়েক জন ক্রিকেটার হাসিমুখে কথা বলছেন।
