আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে স্বাভাবিকভাবেই হতাশ রোহিত শর্মা। ১২ বছর পর দেশের মাটিতে প্রথম সিরিজ হার। ভাল মানের স্পিন বোলিংয়ের সামনে আবার দুর্বলতা প্রকট হয়ে যায় ভারতীয় ব্যাটারদের‌। ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর হারল ভারত। অন্যদিকে ৭০ বছরের ইতিহাসে ভারতের মাটিতে প্রথম জয় নিউজিল্যান্ডের। ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিলেন রোহিত শর্মা। জানালেন, নিউজিল্যান্ডের চ্যালেঞ্জের জবাব দিতে পারেনি তাঁরা। রোহিত বলেন, 'হতাশজনক। এমন প্রত্যাশা আমরা করিনি। নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে। ওরা আমাদের থেকে ভাল খেলেছে। আমরা কিছু সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। চ্যালেঞ্জের জবাব দিতে পারিনি। যার ফলে আমরা আজ এখানে। আমরা ভাল ব্যাট করতে পারিনি। জয়ের জন্য ২০ উইকেট তুলতে হবে। তবে ব্যাটারদেরও রান করতে হবে।' 

সরাসরি না বললেও, আকার-ইঙ্গিতে হারের দায় ব্যাটারদের দিলেন রোহিত। ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, উইকেটে জুজু ছিল না। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে বেঁধে রাখার পর তাঁদের রানের কাছাকাছি পৌঁছনো উচিত ছিল ভারতের। কিন্তু সেটা না করতে পারায় পার্থক্য গড়ে দিয়েছে। রোহিত বলেন, 'দারুণভাবে লড়াই করে আমরা ওদের ২৫৯ রানের মধ্যে আটকে রেখেছিলাম। তবে আমরা জানতাম এটাও চ্যালেঞ্জিং হবে। একটা সময় ৩ উইকেট হারিয়ে ওদের রান ছিল ২০০। তারপর ২৫৯ রানে আমরা ওদের অলআউট করে দিই। পিচে এমন কিছু ছিল না। আমরা ভাল ব্যাট করতে পারিনি। প্রথম ইনিংসে ওদের রানের ধারেকাছে যেতে পারলে রেজাল্ট অন্যরকম হতে পারত।' সিরিজ হার ভুলে ওয়াংখেড়েতে জয় দিয়ে শেষ করতে চান রোহিত। এই প্রসঙ্গে বলেন, 'আমরা ওয়াংখেড়েতে জেতার চেষ্টা করব। এই ব্যর্থতা দলগত। আমি শুধুমাত্র ব্যাটার বা বোলারদের দোষারোপ করার পাত্র নয়। ওয়াংখেড়েতে আমরা আরও ভাল পরিকল্পনা এবং পদ্ধতি নিয়ে নামার চেষ্টা করব।' ১৯৫৫ সাল থেকে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। কিন্তু কোনওদিন ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার ইতিহাসের পাতায় নাম লেখাল টম লাথামের দল। অন্যদিকে একসময় ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে অতি স্বচ্ছন্দ ছিল। কিন্তু পুনেতে ভারতীয় ব্যাটারদের নাচিয়ে দেন স্যান্টনার।