আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর অজিঙ্ক রাহানেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ক্রীড়াজগতের তারকারা। দু'বারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং বীরেন্দ্র শেহবাগ - সকলেই রাহানের শান্ত স্বভাব, লড়াকু মানসিকতা এবং কঠিন পরিস্থিতিতে দলের ভরসা হয়ে ওঠার ক্ষমতার প্রশংসা করেছেন। বৃহস্পতিবার ১২ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন রাহানে। বিদেশের মাটিতে একের পর এক ম্যাচজয়ী ইনিংস তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মুম্বইয়ের ক্রিকেটারের অবসরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় সিন্ধু লেখেন, 'অবসরজীবনের জন্য অনেক শুভেচ্ছা, জিঙ্কস! তোমার কেরিয়ার সাহস, ধৈর্য এবং কঠিনতম পরিস্থিতিতে অসাধারণ লড়াকু ইনিংসের এক উজ্জ্বল উদাহরণ।'
২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে রাহানের ১০৩ রানের ইনিংসকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বলে উল্লেখ করেন সিন্ধু। হায়দরাবাদি তারকা বলেন, 'লর্ডসে সেই শতরান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। ভারত তখন প্রবল চাপে, পরিস্থিতিও ছিল অত্যন্ত কঠিন। সেই সময় তুমি যে ইনিংস খেলেছিলে, তা ছিল চরিত্র, ধৈর্য এবং ক্লাসের অনন্য নিদর্শন।' লর্ডসের সেই শতরান ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একই বিদেশ সফরে ওয়েলিংটনে টেস্ট শতরান এবং পরে এজবাস্টনে একদিনের ক্রিকেটেও শতরান করেছিলেন রাহানে। তাঁর ১২টি টেস্ট শতরানের মধ্যে আটটিই এসেছে বিদেশের মাটিতে। যা তাঁর বিদেশে ধারাবাহিক সাফল্যের প্রমাণ।
রাহানের কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেডে ভারতের ৩৬ রানে অলআউট হওয়া এবং বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরার পর নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন রাহানে। এরপর মেলবোর্নে দুর্দান্ত শতরান করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ২-১ ব্যবধানে সিরিজ জয় এনে দেন। গাব্বায় সেই ঐতিহাসিক জয় আজও ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হয়। টেস্ট অধিনায়ক হিসেবে তিনি ছয় ম্যাচের মধ্যে চারটিতে জেতেন। বাকি দুটি ম্যাচ ড্র হয়। অর্থাৎ অধিনায়ক হিসেবে কখনও টেস্ট হারেননি। সিন্ধু তাঁর বার্তার শেষে লেখেন, ,'জীবনের দ্বিতীয় ইনিংসও যেন সুখ, সাফল্য এবং ভালবাসায় ভরে ওঠে। দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন।'
অন্যদিকে প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও আবেগঘন বার্তায় রাহানের সঙ্গে কাটানো অসংখ্য সফর, ড্রেসিংরুমের স্মৃতি এবং তাঁদের জুটির কথা মনে করান। তিনি লেখেন, 'জিঙ্কস, কত সফর, কত ড্রেসিংরুম, কত পার্টনারশিপ, আর কত স্মৃতি! অধিনায়ক হিসেবে যেমন শান্ত ছিলে, সতীর্থ হিসেবেও তেমনই নির্ভরযোগ্য ছিলে। বাইরে থেকে সবসময় শান্ত, কিন্তু ভেতরে ছিল শুধু দেশের জন্য লড়াই করার মানসিকতা। জীবনের পরবর্তী অধ্যায়ও সুন্দর হোক। অনেক ভালবাসা।' প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগও রাহানেকে ভারতীয় ক্রিকেটের অন্যতম 'আন্ডাররেটেড' ক্রিকেটার বলে উল্লেখ করেন। শেহবাগ বলেন, 'ভারতের সর্বকালের অন্যতম সেরা বিদেশ সফরের টেস্ট সিরিজ জয় এনে দেওয়া অধিনায়ক। শান্ত, দৃঢ় এবং নির্ভরযোগ্য। কখনও প্রচারের আলো চায়নি, শুধু নিজের সেরাটা দিয়ে গিয়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসও প্রথমটির মতোই সফল হোক।'
















