আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরেই মাঠে ফিরতে পারেন বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে যান। কিন্তু রিপোর্ট অনুয়ায়ী, দ্রুত সুস্থ হচ্ছেন তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই রিহ্যাব শুরু করে দিয়েছেন। ফিট হওয়ার পথে। কয়েকদিনের মধ্যেই ফিটনেস যাচাই করতে এবং খেলার জন্য ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন কোহলি। সবকিছু পরিকল্পনা মাফিক চললে, আসন্ন ইংল্যান্ড সফরেই দলে ফিরবেন। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। শোনা গিয়েছিল, ইংল্যান্ড সিরিজেও খেলতে পারবেন না। কিন্তু বর্তমানে আশার আলো দেখা যাচ্ছে।
সপ্তাহের শেষে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করতে পারে নির্বাচকরা। রিপোর্ট অনুযায়ী, তাঁর আগে খেলার জন্য ফিট হয়ে যেতে পারেন বিরাট। বৃহস্পতিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'পরের তিন-চার দিনের মধ্যে বোর্ডের নির্বাচকরা ইংল্যান্ড সফরের দল নির্বাচন করতে আলোচনায় বসবে।' ১৪-১৯ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। হাঁটুর চোট থেকে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেন হর্ষিত রানা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে লিগামেন্টে চোট পান তারকা পেসার। শনিবার সিরিজের ফাইনাল ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেন। প্রথম দুই ম্যাচ জিতে শেষ ম্যাচের আগেই ২-০ তে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। রানা প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিত সাইকিয়া বলেন, 'বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শেষ করে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন রানা।' চোটের জন্য টি-২০ বিশ্বকাপ এবং আইপিএলে খেলতে পারেননি ২৪ বছরের পেসার।















