আজকাল ওয়েবডেস্ক: কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টে বিশেষ রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বর্তমানে চেনা ছন্দ দেখা যাচ্ছে না কিং কোহলির ব্যাটে। তাতেও কিছু এসে যায় না। এদিন ব্যাট করতে নেমেই রীতিমত মারমুখী হয়ে উঠলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭,০০০ রান পূরণ করলেন তিনি।
৩৫ বছর বয়সী ব্যাটার ৫৯৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন। এর আগে সচিন তেন্ডুলকার ৬২৩ ইনিংসে একই লক্ষ্যে পৌঁছেছিলেন। কোহলি ছাড়া এই রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারার। কোহলির এই রেকর্ড তাঁর ভক্তদের কাছে একেবারই অবাক করা নয়, কারণ তিনি সব ফরম্যাটে অসামান্য ধারাবাহিকতা দেখিয়েছেন।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে কোহলি দ্রুততম ২৫,০০০ রানে পৌঁছান। অক্টোবর মাসে ২৬,০০০ রানে পৌঁছে রেকর্ড গড়েন। এই ম্যাচের আগে কোহলি ১১৪টি টেস্টে ৮,৮৭১ রান করেছিলেন, গড় ৪৮.৭৪। একদিনের ক্রিকেটে তাঁর রান ১৩,৯০৬ এবং গড় ৫৮.১৮। এছাড়া, তিনি ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৪১৮৮ রান করেছেন, গড় ৪৮.৬৯।
















