আজকাল ওয়েবডেস্ক: ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলভিত্তিক একটি বড় ড্রামা সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। শুধু তাই নয়, সিরিজটিতে অভিনয়ও করবেন তিনি।
সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। এটি একজন কাল্পনিক ফুটবল এজেন্টের গল্প, যার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। ইতিমধ্যেই লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলে বার্নেট এফসি-র মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
৪১ বছর বয়সি রোনাল্ডোর সঙ্গে এই প্রজেক্টে যুক্ত রয়েছেন তাঁর প্রাক্তন প্রতিদ্বন্দ্বী থিয়েরি অঁরিও। জানা গিয়েছে, তিনিও এই সিরিজে বিশেষ ভূমিকায় থাকবেন।
এক টিভি সূত্র জানিয়েছে, “এই সিরিজটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি করতে পারে। এর সঙ্গে যুক্ত তারকা ও নির্মাতাদের কারণে এটি একটি মর্যাদাপূর্ণ প্রজেক্ট হয়ে উঠেছে। রোনাল্ডোর নাটক নির্মাণে প্রবেশ করাটা বেশ চমকপ্রদ।”
সিরিজটির গল্প একজন শীর্ষ ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করছেন ডেমিয়ান লুইস। সিরিজটির ধারণা দিয়েছেন বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন, যিনি থিয়েরি অঁরির প্রতিনিধি।
নির্মাতারা জানিয়েছেন, এটি কোনো কমেডি সিরিজ নয়। ফুটবল দুনিয়ার পটভূমিতে তৈরি এই নাটকে থাকবে টানটান ড্রামা, পাশাপাশি কিছু হাস্যরসও থাকবে।
সিরিজটিতে আরও অভিনয় করবেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং নতুন অভিনেত্রী কার্লোটা বানাট।
‘ডে ওয়ানস’ তৈরি করবে নতুন প্রযোজনা সংস্থা ইউআর-মার্ভ স্টুডিওস। এই প্রতিষ্ঠানটি রোনাল্ডো ও জনপ্রিয় পরিচালক ম্যাথু ভনের যৌথ উদ্যোগ।
ম্যাথু ভন বলেন, “ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যা আমি কখনও লিখতে পারতাম না। তাঁর সঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা ও গল্প তৈরি করার অপেক্ষায় আছি।” ফুটবলমাঠে কোনওদিনও তিনি চ্যালেঞ্জ নিতে ভুল করেননি। এবার ব্যবহারিক জীবনেও তিনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী।
















