আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের দানি ওলমো ও আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার রবার্তো আয়ালার মধ্যে তৈরি হওয়া বিতর্ক এখনও থামেনি। ম্যাচ শেষে মাঠে সংঘর্ষের ঘটনায় আয়ালার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ওলমো। এবার সেই ঘটনার প্রসঙ্গে মুখ খুলে আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য আয়ালার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন স্প্যানিশ মিডফিল্ডার।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওলমো বলেন, আয়ালা নিজের আচরণের জন্য অনুতপ্ত হওয়ার বদলে সেটিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।
ওলমো বলেন, “যে ব্যক্তি অনুতাপের কথা বলে, আবার একটি ঘুষিকে প্রতিক্রিয়া হিসেবে দেখানোর চেষ্টা করে, সে হয়তো সত্যিই অনুতপ্ত নয়। কারণ সে নিজের সঙ্গে সৎ নয়। আমি তাঁকে কিছু বলিনি, তাই তাঁর ক্ষমারও আমার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “ভুল মানুষ করতেই পারে, সেই ভুল স্বীকার করার সাহসই একজন মানুষকে চেনায়।”
বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়েও কথা বলেছেন ওলমো। তাঁর মতে, শুধু ট্রফি জেতাই নয়, মাঠের আচরণও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “আমার সন্তান, পরিবার এবং মানুষ যখন ম্যাচটি দেখবে, তখন আমি চাই তারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা, জয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আচরণ নিয়ে গর্বিত হোক। ফুটবলাররা শিশু ও নতুন প্রজন্মের জন্য উদাহরণ, আর এর সঙ্গে বড় দায়িত্বও আসে। সৌভাগ্যবশত, তারা সেটাই দেখেছে, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।”
এর আগে আয়ালা প্রকাশ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ঘটনাটিকে বড় করে দেখা হচ্ছে।
আয়ালা বলেন, “এই বিষয়টি এখানেই শেষ করা উচিত। আমি দায়িত্ব নিচ্ছি, কারণ এটা শুধু একটি ধাক্কা ছিল, এর বেশি কিছু নয়। এটা ঘুষি ছিল না, যেমনটা বলা হচ্ছে। শুধু একটি ধাক্কা ছিল।”
আর্জেন্টিনার প্রাক্তন এই ডিফেন্ডার আরও দাবি করেন, ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই তাঁর আচরণ হয়েছিল। তিনি বলেন, “এটা তার বলা একটি কথার প্রতিক্রিয়া ছিল। আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চাইব। এখন হয়তো সেই সুযোগ নেই, তবে যা হওয়ার হয়ে গিয়েছে। ফুটবলে এমন ঘটনা হাজারবার ঘটেছে।”
তবে ওলমোর বক্তব্যে স্পষ্ট, তিনি আয়ালার ব্যাখ্যায় সন্তুষ্ট নন এবং বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনা নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি।
















