আজকাল ওয়েবডেস্ক:‌ কুস্তিতে এখনই ফেরা হচ্ছে না ভিনেশ ফোগাটের। আর তার পিছনে রয়েছে কুস্তি সংস্থার একটি নিয়ম। ১৮ মাস পর কুস্তিতে ফেরার চেষ্টা করছিলেন তিনি। লক্ষ্য ছিল চলতি বছর এশিয়ান গেমসে নামা। কিন্তু তার জন্য ট্রায়ালেই নামতে পারবেন না ভিনেশ। 


ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী, এশিয়ান গেমসের ট্রায়ালে সুযোগ পেতে হলে জাতীয় ওপেন র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় নামতে হবে। তবে চাইলেই এই প্রতিযোগিতায় খেলা যাবে না। ২০২৫ সালের কুস্তির জাতীয় প্রতিযোগিতা, ২০২৬ সালে ফেডারেশন কাপ ও অনূর্ধ্ব–২০ জাতীয় প্রতিযোগিতায় যাঁরা পদক জিতেছেন, তাঁরাই এই ট্রায়ালে নামতে পারবেন। ২০২৫ সালের আগের পদকজয়ীদের সুযোগ দেওয়া হবে না। এই নিয়মেই বাদ পড়েছেন ভিনেশ। অর্থাৎ, কুস্তিতে ফিরতে হলে আরও অপেক্ষা করতে হবে এশিয়ান গেমস ও কমনওয়েলথে সোনাজয়ী কুস্তিগিরকে।


এদিকে, ডোপ পরীক্ষা না দেওয়ায় ফোগাটকে সতর্ক করেছে আন্তর্জাতিক পরীক্ষা সংস্থা (আইটিএ)। আর দু’বার একই কাজ করলে নির্বাসিত হতে পারেন ফোগাট।


আইটিএ–র বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ১৮ ডিসেম্বর বেঙ্গালুরুতে ভিনেশের ডোপ পরীক্ষা করাতে গিয়েছিলেন ডোপিং নিয়ন্ত্রণ আধিকারিক। কিন্তু এক ঘণ্টা সময়ের মধ্যে কোথাও ভিনেশকে পাননি তিনি। নথিভুক্ত পরীক্ষা তালিকা বা আরটিপি–র অন্তর্গত সমস্ত ক্রীড়াবিদকে প্রতিদিন ৬০ মিনিটের একটি সময় নির্ধারিত করে দিতে হয়, যখন তিনি ডোপ পরীক্ষার জন্য তৈরি থাকবেন। যে কোনও দিন ডোপ পরীক্ষা করা হতে পারে। সেই সময় সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে পাওয়া না গেলে তা উচ্চ সংস্থাকে জানিয়ে দেওয়া হয়।


গত ৫ জানুয়ারি ভিনেশকে ডোপ পরীক্ষা না দেওয়ার বিষয়টি জানানো হয়েছিল। তিনি ১৯ জানুয়ারি উত্তরে জানিয়েছিলেন, হরিয়ানা বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে হবে বলে চণ্ডীগড় গিয়েছিলেন। পাশাপাশি সন্তানের দেখভাল করার কারণেও তাঁকে বাড়ি ফিরতে হয়েছিল। ভিনেশের উত্তরে সন্তুষ্ট হয়নি আইটিএ। তারা জানিয়েছেন, যতই ভিনেশ বিধায়ক হোন বা তাঁর অন্য দায়িত্ব থাকুক, তিনি কোথায় আছেন সেটা জানানো সকল ক্রীড়াবিদের কর্তব্য।