আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপ শেষ হতেই আইসিসি নতুন র্যাঙ্কিং তালিকা প্রকাশ করল। আর সেই তালিকায় অভাবনীয় উত্থান হল ঈশান কিষানের। ব্যাটারদের তালিকায় তিনি একেবারে দুইয়ে চলে এসেছেন। অভিষেক শর্মা শীর্ষে থাকলেও তাঁর সঙ্গে কিষানের পয়েন্টের ফারাক মাত্র চার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে অর্ধশতরানই এ যাত্রায় বাঁচিয়ে দিল অভিষেককে। আর কিষান দুই ধাপ উঠে চলে এলেন ব্যাটারদের তালিকায় দুই নম্বরে। টুর্নামেন্টে ৩১৭ রান করেছিলেন কিষান।
কিষানের রেটিং পয়েন্ট এখন ৮৭১। আর অভিষেকের ৮৭৫। নিউজিল্যান্ডের টিম সেইফার্ট আছেন ছয় নম্বরে। তিন থেকে পাঁচে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, ইংল্যান্ডের ফিল সল্ট ও শ্রীলঙ্কার পাথুম নিশঙ্ক। সাতে আছেন তিলক। আর নয়ে সূর্যকুমার যাদব। সঞ্জুও বিরাট লাফ মেরেছেন র্যাঙ্কিংয়ে। তিনি ১৮ ধাপ উঠে চলে এসেছেন ২২ নম্বরে।
তবে বরুণ চক্রবর্তী শীর্ষস্থান হারিয়েছেন। টি–২০ আন্তর্জাতিকে বোলারদের তালিকায় শীর্ষে এখন আফগানিস্তানের রশিদ খান। বিশ্বকাপে শেষ তিন চারটি ম্যাচে ভাল বল করতে পারেননি বরুণ। তাই দুই নম্বরে নেমে যেতে হল তাঁকে। তাঁর রেটিং পয়েন্ট ৭৪০। আর রশিদের ৭৫৩। আর বাকিদের মধ্যে আদিল রশিদ আছেন চার নম্বরে। বুমরা একধাপ উঠে আছেন ছয় নম্বরে। অক্ষর প্যাটেল ছয় ধাপ উঠে আছেন ১৭ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় এক ও দুইয়ে আছেন সিকান্দার রাজা ও হার্দিক পাণ্ডিয়া। শিবম দুবে আছেন ১১ নম্বরে।
এদিকে, প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ দাবি করলেন, সঞ্জুকেই পরবর্তী টি–২০ অধিনায়ক করা হোক।
এটা ঘটনা, দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন সঞ্জু। আগামী আইপিএলে তিনি খেলবেন চেন্নাইয়ে। অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। কাইফের কথায়, টি–২০ ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে স্যামসনের। কাইফের কথায়, ‘এই মুহূর্তে বলা সম্ভব নয়, ভারতের পরবর্তী টি–২০ অধিনায়ক কে হবেন। তবে স্যামসন ভাল বিকল্প হতে পারে। সঞ্জুর মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে।’ এরপরই কাইফ যোগ করেন, ‘সূর্য ধারাবাহিকতা বজায় রাখলে আরও কয়েক বছর ওই থাকবে অধিনায়ক। ফিট থাকলে ৩৮–৩৯ অবধি খেলাই যায়। আর টি–২০ ক্রিকেটে কিন্তু অভিজ্ঞতার দরকার হয়। তবে সূর্য যদি নিজেই সরে যায় অধিনায়কত্ব থেকে, তাহলে কিন্তু সঞ্জু ভাল বিকল্প। আইপিএলে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছে। ২০২২ সালে সঞ্জুর নেতৃত্বে রাজস্থান ফাইনালে উঠেছিল। এখন বয়স ৩১। তাই জাতীয় দলের অধিনায়ক হওয়ার বয়স ওর মধ্যে রয়েছে।’
