আজকাল ওয়েবডেস্ক: এবছর বোর্ডের পরীক্ষা দিতে পারবেন না বৈভব সূর্যবংশী। দশম শ্রেণীর সিবিএসই পরীক্ষায় বসার কথা ছিল ১৪ বছরের বিস্ময় বালকের। ট্রেনিং, শিবির এবং বিভিন্ন টুর্নামেন্ট খেলতে ব্যস্ত থাকায় এবছর পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন বৈভব। বিহারের তাজপুরের বাসিন্দা তিনি। মডেস্টি স্কুলের ছাত্র। ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলা বোর্ড পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, একটানা ক্রিকেট খেলায় বাড়ি থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। স্কুলে যেতে পারেননি। যার ফলে বোর্ডের পরীক্ষার প্রস্তুতিও হয়নি। মডেস্টি স্কুলের ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু জানান, বৈভবের পরীক্ষার ফর্ম ভর্তি করা হয়েছিল। অ্যাডমিট কার্ডও এসে যায়। পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে পরীক্ষার সিট পড়ে। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী জানান, এবার পরীক্ষায় বসবেন না।
সদ্য ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন বৈভব। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেনও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ৭ ম্যাচে তাঁর রান ৪৩৯। গড় ৬২.৭১। স্ট্রাইক রেট ১৬৯.৪৯। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৭৫। ৩০টি ছক্কা হাঁকিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড ভাঙেন। ২০২২ বিশ্বকাপে ১৮টি ছয় মেরেছিলেন দক্ষিণ আফ্রিকান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছয়ের মালিক সূর্যবংশী। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে সর্বোচ্চ রান তাঁর। ২৫ ইনিংসে ১৪১২ রান। গড় ৫৬.৪৮। স্ট্রাইক রেট ১৬৫ এর বেশি। তারমধ্যে রয়েছে চারটি শতরান, সাতটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৭৫।
