আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে ঝড় তুলে সকলকে মুগ্ধ করেছেন বৈভব সূর্যবংশী। তবে তাঁর অবিশ্বাস্য সাফল্যের মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটের এক বড় সমস্যার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। 
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের কলামে চ্যাপেল দাবি করেছেন, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট এতটাই ব্যাটারদের পক্ষে ঝুঁকে পড়েছে যে অসাধারণ পারফরম্যান্সও এখন প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। 

২০২৬ সালের আইপিএলে বৈভব সূর্যবংশী ৭৭৬ রান করেছেন ২৩৭.৩ স্ট্রাইক রেটে। পাশাপাশি ৭২টি ছক্কা মেরে তিনি এক মরশুমে সর্বাধিক ছক্কার রেকর্ডও গড়েছেন। চ্যাপেল তাঁর প্রশংসা করলেও মনে করেন, এমন পারফরম্যান্স সম্ভব হওয়াই প্রমাণ করে যে খেলাটির ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে।

চ্যাপেলের কথায়, ''যদি একজন কিশোর, যার শারীরিক বিকাশও পুরোপুরি সম্পন্ন হয়নি, বিশ্বের সেরা আন্তর্জাতিক বোলারদের বিরুদ্ধে এমন আধিপত্য দেখাতে পারে, তাহলে বুঝতে হবে খেলাটির কাঠামোগত কোথাও সমস্যা রয়েছে।'' 

প্রাক্তন অজি অধিনায়ক বিশেষভাবে আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনা করেছেন। তাঁর মতে, এই নিয়মের ফলে দলগুলি কার্যত অতিরিক্ত একজন বিশেষজ্ঞ ব্যাটার খেলানোর সুবিধা পাচ্ছে, যা ব্যাটারদের আরও বেশি সুবিধা করে দিচ্ছে। 

চ্যাপেলের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে টি-টোয়েন্টি ক্রিকেট শুধুমাত্র ব্যাটিং প্রদর্শনীতে পরিণত হবে। তাই খেলার ভারসাম্য ফেরাতে তিনি তিনটি বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন।

চ্যাপেলের তিন প্রস্তাব:  ১০ উইকেটের বদলে ৬ উইকেট-চ্যাপেলের মতে, ব্যাটিং দলকে ১০টির বদলে মাত্র ৬টি উইকেট দেওয়া উচিত। এতে উইকেটের মূল্য বাড়বে এবং ব্যাটারদের ঝুঁকি নেওয়ার আগে আরও বেশি ভাবতে হবে।

পিচে বেশি ঘাস রাখা- তিনি চান টি-টোয়েন্টি পিচে অন্তত ৩ মিলিমিটার জীবন্ত ঘাস থাকুক, যাতে ফাস্ট বোলাররা সুইং ও বাউন্সের সুবিধা পান। এমনকি পিচের এক প্রান্তে ঘাস ও অন্য প্রান্তে শুকনো অংশ রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি।

এলবিডব্লিউয়ের নিয়মে পরিবর্তন--চ্যাপেলের দাবি, বল যদি স্টাম্পে আঘাত করার পথে থাকে, তাহলে সেটি কোথায় পিচ করেছে তা বিবেচনা না করে ব্যাটারকে আউট দেওয়া উচিত। তাঁর মতে, এতে ব্যাটারদের বর্তমান অতিরিক্ত সুবিধা কিছুটা কমবে।

চ্যাপেলের মতে, ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এখনই পদক্ষেপ না নিলে টি-টোয়েন্টি ক্রিকেট তার প্রতিযোগিতামূলক আকর্ষণ হারাতে পারে।