আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে আবারও প্রতিভার ঝলক। বৈভব সূর্যবংশীর উজ্জ্বল পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে তাঁর ছোট ভাই। সে ১০ বছরের আশীর্বাদ সূর্যবংশী। বিহারের সমস্তিপুর জেলার একটি স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভবের ভাই।
সোশ্যাল মিডিয়ায় দাদা বৈভব নিজেই আশীর্বাদের ইনিংসের স্কোরকার্ড শেয়ার করেন, যেখানে দেখা যায় ‘ক্রিকেট অ্যাকাডেমি তাজপুর’-এর হয়ে ১০৩ রানের ঝলমলে এক ইনিংস খেলেছে সে। মাত্র ৮৭ বলের সেই ইনিংসে আশীর্বাদ ২০টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের পরিচয় দেয়।
ক্রিকেটে এখন ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে আশীর্বাদ। অন্যদিকে বড় ভাই বৈভব সূর্যবংশীও সমান তালে এগিয়ে চলেছে আন্তর্জাতিক মঞ্চের দিকে। সদ্য শেষ হওয়া আইপিএল ২০২৬ মরশুমে প্রায় ৮০০ রান করে নজর কেড়েছে। রেকর্ড গড়ে সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জেতার কৃতিত্বও অর্জন করেছে।
বর্তমানে বৈভব শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ট্রাইনেশন সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন, যেখানে শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলও অংশ নিচ্ছে। পাশাপাশি আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন বৈভব।
সব মিলিয়ে দুই ভাইয়ের ব্যাটে ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট নিয়ে নতুন আশার আলো দেখা দিচ্ছে।















