আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার মনে করেন, ২০২৭-এর একদিনের বিশ্বকাপের প্রস্তুতির জন্য এখন থেকেই দলে তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত। 

তাঁর মতে, ১৫ বছর বয়সী বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীকে ভারতের ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত এবং তাঁকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো যেতে পারে। 

একই সঙ্গে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ইঞ্জিনিয়ার। তাঁর মতে, ওপেনার হিসেবে সফল হলেও শুভমন গিলকে চার নম্বরে ব্যাট করানো উচিত। তাঁর যুক্তি, গিলের অসাধারণ ব্যাটিং দক্ষতা তাঁকে মিডল অর্ডারেও সফল করবে।

 এক সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার বলেন, “আদর্শ পরিস্থিতিতে শুভমন গিল এবং বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত। গিল অসাধারণ ব্যাটার। আমার মতে, এখন দলের সেরা ব্যাটার গিল। তাই ওর চার নম্বরে আসা উচিত।”

তিনি আরও বলেন, ওয়ানডেতে রোহিত ও সূর্যবংশীর বাঁ হাতি-ডানহাতি ওপেনিং জুটি ভারতের জন্য কার্যকর হতে পারে। 

“গিল এমন ব্যাটার নয় যে সহজে বল তুলে মারে। তাই বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন ওয়ানডেতে আদর্শ হতে পারে। রোহিতের সঙ্গে ওপেন করতে দেওয়া উচিত সূর্যবংশীকে।”

ইঞ্জিনিয়ারের মতে, সূর্যবংশীর আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তাঁকে ওপেনিংয়ে নামানোই বেশি উপযুক্ত। তিনি বলেন, “ওপেনার হিসেবে ও মাঠে গ্যাপ খুঁজে নিতে পারে। বিরাট কোহলি তিন নম্বরে আসতে পারে, গিল চার নম্বরে। তাহলে ভারতের ব্যাটিং লাইন-আপ আরও শক্তিশালী হবে।”

জিম্বাবোয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পর সূর্যবংশীকে নিয়ে আলোচনা আরও বেড়েছে। তিন ম্যাচে ১৫১ রান করে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যার মধ্যে ছিল দুটি অর্ধশতরান। তাঁর আগ্রাসী ব্যাটিং অনেকের নজর কেড়েছে।

ইঞ্জিনিয়ার মনে করেন, এখনই সূর্যবংশীকে ওয়ানডে দলে নেওয়ার সঠিক সময়। তাঁর বক্তব্য, “ওকে দলে নেওয়ার ক্ষেত্রে এত দেরি করার কারণ বুঝি না। ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে মানুষ এত পার্থক্য করে কেন জানি না। আমার কাছে হাফ-ভলি মানেই হাফ-ভলি। ও রান করছে এবং ওপেন করার আত্মবিশ্বাসও ওর আছে।”

তিনি আরও বলেন, সূর্যবংশীর আক্রমণাত্মক মানসিকতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। 

ফারুখ ইঞ্জিনিয়ার ভারতীয় টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে বলেছেন, সূর্যবংশীর স্বাভাবিক খেলার ধরন বদলে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। তিনি তরুণ ব্যাটারের সহজাত প্রতিভার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের তুলনা করেন। 

তিনি বলেন, “সূর্যবংশীর ব্যাটিংয়ের জায়গায় সামান্য ছোট লেন্থের বল এলেই সেটা ছক্কা হতে পারে। ও নিজের ভুল থেকে শিখেছে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতেও শিখেছে। কিন্তু ওকে অতিরিক্ত কোচিং করাবেন না।”

ইঞ্জিনিয়ারের মতে, সূর্যবংশী প্রচলিত ক্রিকেট ম্যানুয়ালের খেলোয়াড় নন। “ও একজন জিনিয়াস। ভিভ রিচার্ডসও এমনই ছিল। আমার দেখা সেরা ব্যাটার ভিভ। সূর্যবংশীর ওপর ভরসা রাখুন, ও ভারতের জন্য অসাধারণ সম্পদ হয়ে উঠবে।”

২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের ওয়ানডে দলকে এখন থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুত করা প্রয়োজন বলে মনে করেন ইঞ্জিনিয়ার। তাঁর মতে, সূর্যবংশীর বিস্ফোরক শুরু ভারতের টপ অর্ডারে নতুন মাত্রা যোগ করতে পারে।