আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ড্রেসিংরুমে আনন্দের রেশ আরও বাড়িয়ে দিলেন বৈভব সূর্যবংশী। শুক্রবার হারারেতে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জয়ের পর সতীর্থদের সঙ্গে নাচে মেতে উঠলেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই তরুণ প্রতিভা।

তবে এই উদযাপনে ছিল একেবারে আলাদা স্বাদ। পাঞ্জাবি নয়, বরং ভোজপুরি গানের তালে নেচে সবাইকে চমকে দিলেন ১৪ বছরের এই কিশোর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে পাঞ্জাবি গান চলার মাঝেই বৈভব হেসে বলে উঠছেন, ‘পাঞ্জাবি গান আমার মাথায় কিছু ঢুকছে না। এবার ভোজপুরি লাগাও।’ 

এরপরই ভোজপুরি গান বাজতেই একেবারে নতুন রূপে ধরা দেন বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্রে সহ সতীর্থদের সঙ্গে নির্দ্বিধায় নাচতে শুরু করেন তিনি।

এই নাচ যেন গোটা টুর্নামেন্ট জুড়ে চাপ ও মানসিক ক্লান্তি ঝেড়ে ফেলারই এক মুহূর্ত। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত ভারত অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম ভরসা ছিলেন বৈভব সূর্যবংশী।

তাঁর এই নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণ নাচের পর মজার ছলে সতীর্থদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক নাচ হয়ে গেল আমার দিক থেকে। আজকের জন্য এতটাই যথেষ্ট।’

একদিকে যেমন মাঠে, তেমনই মাঠের বাইরেও বৈভব যে দলের প্রাণ, তা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে এই উদযাপনে। ফাইনাল ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী।

হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে তিনি খেলেন এক ঐতিহাসিক ইনিংস। বাঁহাতি এই ব্যাটার মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন, যার মধ্যে ছিল ১৫টি চার ও ১৫টি বিশাল ছক্কা। তাঁর এই বিধ্বংসী ইনিংসই ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এনে দেয়।

এই নিয়ে রেকর্ড ষষ্ঠবার ছোটদের বিশ্বকাপ জিতল ভারত। আর তারই পুরস্কার বাবদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ তরফে বৈভবদের সাড়ে সাত কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘‌গোটা দেশ ও বিসিসিআই গর্বিত। অনূর্ধ্ব–১৯ দল আবার বিশ্বকাপ জিতল। যেভাবে আমাদের দল ইংল্যান্ডকে হারাল ও গোটা টুর্নামেন্টে অপরাজিত ছিল তা এককথায় অসাধারণ। বোর্ড গোটা দলকে সাড়ে সাত কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে।’‌

শুক্রবারই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনূর্ধ্ব–১৯ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদি বলেছিলেন, ‘‌ভারতের তরুণ প্রতিভারা উঠে আসছে। ক্রিকেটে। ছোটদের কৃতিত্বে গর্বিত। গোটা টুর্নামেন্টে দল ভাল খেলেছে। দেশের তরুণদের ওরা অনুপ্রাণিত করল। আগামীদিনের জন্য রইল শুভেচ্ছা।’‌