আজকাল ওয়েবডেস্ক: ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী নিজের লক্ষ্য স্থির করে ফেললেন। সেই রেকর্ড ছুঁতে পারলে বড় সড় কীর্তি গড়বেন তিনি।
বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যবংশী স্পষ্ট করে জানিয়ে দেন, কোন রেকর্ড তিনি ছুঁতে চান।
কিংবদন্তি ক্রিস গেইলের ১৭৫ রানের ইনিংস আসন্ন আইপিএলে ভাঙতে চান সূর্যবংশী।
গত বছর দুর্দান্ত গিয়েছে সূর্যবংশীর। রাজস্থান রয়্যালস ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর ব্যাট কথা বলেছে। আসন্ন আইপিএলে সূর্যবংশী নিজেকে তৈরি করছেন আরও বড় লক্ষ্যের জন্য।
কোন রেকর্ড ভাঙতে চান তিনি? সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল তাঁকে। এক ওভারে ছয় ছক্কা নাকি দ্রুততম আইপিএল সেঞ্চুরি অথবা ক্রিস গেইলের বিখ্যাত ১৭৫ রানের রেকর্ড ভাঙা? কিশোর প্রতিভা সময় নষ্ট না করেই বলে ফেলেন, ''১৭৫ রানের রেকর্ড ভাঙাই প্রধান লক্ষ্য।''
২০১৩ সালের আইপিএলে গেইল আরসিবি-র হয়ে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর প্রতিপক্ষ ছিল পুণে ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। সূর্যবংশী নিজের লক্ষ্য স্থির করে বলেন, ''এবারের আইপিএলে দলের হয়ে ট্রফি জয় করাই আণার লক্ষ্য। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি ভাল করতে চাই। আমার পারফরম্যান্স দিয়ে দল জিতুক এটাই চাই।''
ছোট বয়সে বড় স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন সূর্যবংশী। কিংবদন্তি গেইলের যে ১৭৫ রানের রেকর্ড ভাঙার কথা কেউ চিন্তাই করতে পারেন না, কিশোর সূর্যবংশী সেই রেকর্ড ভাঙার লক্ষ্য স্থির করে ফেলছেন। এতেই বোঝা যাচ্ছে এই বয়সেই আরও বড় রেকর্ড গড়ার কথা ভাবতে শুরু করে দিয়েছেন তিনি।
