আজকাল ওয়েবডেস্ক: পার্থে কড়া নিরাপত্তার ঘেরাটোপে টিম ইন্ডিয়া। ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হবে টেস্ট। আর ভারত অনুশীলন করছে ওয়াকায়। মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। তবে প্রথমদিনের অনুশীলনে ছিলেন না বিরাট কোহলি।
এদিকে, ভারতীয় দলের অনুশীলনে রাখা হয়েছে চরম গোপনীয়তা। দলের অনুশীলনের সময় কাউকে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না। টিম ইন্ডিয়ার অনুশীলন দেখায় জনসাধারণের রয়েছে নিষেধাজ্ঞা। এমনকী মাঠকর্মীদের মোবাইল ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। টিম ইন্ডিয়ার সামনে কাউকেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ওয়াকায় যেন ‘লকডাউন’ জারি রয়েছে।
প্রসঙ্গত, দুই ব্যাচে অস্ট্রেলিয়ায় এসেছে টিম ইন্ডিয়া। এখন গোটা দলই সেখানে পৌঁছে গেছে। তাই অনুশীলনও পুরোদমে শুরু হয়েছে। মঙ্গলবারই ঋষভ পন্থ, রাহুলদের ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। বুধবার বিরাটেরও অনুশীলনে যোগ দেওয়ার কথা।
এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে হলে বর্ডার–গাভাসকার ট্রফি ৩–০ বা ৪–১ ব্যবধানে জিততে হবে টিন ইন্ডিয়াকে। আর তা না হলে অন্য দলের উপর তাকিয়ে থাকতে হবে। নিউজিল্যান্ড সিরিজ ০–৩ হারটাই ভারতকে গাড্ডায় ফেলে দিয়েছে।
















