আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআই সম্ভবত চলতি সপ্তাহেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে। এখনও অবধি যা জানা গেছে তাতে রোহিত, বিরাট ও বুমরা এ প্লাস গ্রেডেই থাকছেন। সূত্রের খবর, ২০২৫–২৬ মরসুমের জন্য যে তালিকা তৈরি হতে চলেছে তাতে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল গ্রেড বি থেকে এ তে আসতে চলেছেন। অর্থাৎ প্রমোশন হচ্ছে এই দুই ক্রিকেটারের।
আইপিলে দু’জনেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। জানা গেছে, শ্রেয়স আইয়ারও চুক্তিতে ঢুকতে চলেছেন।
এটা ঘটনা ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুলদীপ ও অক্ষর যথেষ্ট ভাল পারফর্ম করেছেন। টি২০ বিশ্বকাপে কুলদীপ দশ উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ছিল ৩/১৯। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়েছিলেন সাত উইকেট। সেরা বোলিং ৩/৪০।
আর টি২০ বিশ্বকাপে পাঁচ ইনিংসে অক্ষর করেছিলেন ৯২। নিয়েছিলেন ৯ উইকেট। সেরা বোলিং ছিল ৩/২৩। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ৪৭।
আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ইনিংসে অক্ষরের অবদান ১০৯ রান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দলকে যথেষ্ট ভরসা দিয়েছিলেন তিনি।
আর বল হাতে নিয়েছিলেন পাঁচ উইকেট। এই পারফরম্যান্সের পর ভারতীয় দলে জায়গা রীতিমতো পাকা করে ফেলেছেন অক্ষর। আবার আইপিএলে দিল্লির অধিনায়কও তিনি।
শ্রেয়স আইয়ারও দুরন্ত ছন্দে আছেন। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি, ইরানি কাপ ও সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফি জিতেছেন। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচে করেন ২৪৩। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। ছিল দুটি অর্ধশতরান। চলতি বছর আটটি একদিনের ম্যাচে করেছেন ৪২৪ রান। রয়েছে চারটি অর্ধশতরান। আইপিএলেও দুরন্ত ছন্দে আছেন পাঞ্জাব অধিনায়ক। করে ফেলেছেন ২৫০ রান।
