আজকাল ওয়েবডেস্ক: তাঁর থাকা ও না থাকার মধ্যে বিস্তর পার্থক্য। তিনি না থাকলে ভারতীয় বোলারের জোয়াল টানতে হবে জশপ্রীত বুমরাহকেই। আর বুমরাহ চোট পেয়ে গেলে ভারত পড়ে যাবে অথৈ জলে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে মহম্মদ সামির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেন। পেইনকে বলতে শোনা গিয়েছে, ''সামির না থাকা পার্থক্য গড়ে দিতে পারে। বুমরাহকে একার কাঁধে সব টানতে হবে। বুমরাহ যদি চোট পায়, তাহলে ভারতেরই চাপ।'' 

স্যার ডনের দেশে বর্ডার-গাভাসকর সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর। পারথে প্রথম টেস্ট। অ্যাডিলেড ওভালে ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট। ব্রিসবেনে ১৪-১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে তৃতীয় টেস্ট। বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। আর জানুয়ারির ৩-৭ পর্যন্ত সিডনিতে হবে পঞ্চম টেস্ট। 

ভারতের মাটিতে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালের পরে আর খেলেননি সামি। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের দল ঘোষণা হয়ে গিয়েছে। সেই দলের রাখা হয়নি সামিকে।