আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া। সেই দাম নিয়ে চর্চা নতুন করে আলোচনায় এসেছে। একটি সংবাদ মাধ্য়মের  প্রতিবেদন অনুযায়ী, ফিফার রিসেল প্ল্যাটফর্মে ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর মূল্য দাঁড়ায় আনুমানিক প্রতি টিকিট প্রায় ১৯ কোটি টাকা, অর্থাৎ চারটি টিকিট মিলিয়ে প্রায় ৭৬ কোটি টাকা।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে হবে এই ফাইনাল ম্যাচ। বিক্রির জন্য থাকা টিকিটগুলো স্টেডিয়ামের ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ নম্বর আসনের।
ফিফা মূল টিকিটের দাম নিয়ন্ত্রণ করলেও রিসেল মার্কেটপ্লেসে দামের উপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই। তবে প্রতিটি লেনদেন থেকে ক্রেতা ও বিক্রেতা, উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে ফি নেয় সংস্থাটি, ফলে এই উচ্চমূল্যের টিকিট বিক্রি হলে বড় অঙ্কের অর্থ ফিফার কাছেই যায়।
অন্যদিকে, অফিসিয়াল টিকিটের দামও কম নয়। ফাইনালের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা। ২০২২ সালের তুলনায় এবার টিকিটের দাম অন্তত চার গুণ বেশি হতে পারে বলেও আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবলপ্রেমীদের উন্মাদনাই নয়, বরং ব্যয়বহুল ক্রীড়া আয়োজন হিসেবেও নতুন রেকর্ড গড়তে চলেছে।