আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্সের উপরে নির্ভর করে রয়েছে হেড কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ। আইসিসি-র মেগা টুর্নামেন্টের পরে গম্ভীরের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করা হবে।
রাহুল দ্রাবিড় সরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ার হেড কোচের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে সময়টা ভাল যাচ্ছে না তাঁর। ১০টি টেস্টের মধ্যে ৬টিতে হারতে হয়েছে ভারতকে। এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হার মানতে হয়েছে ভারতকে।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভাল ফল করতে না পারলে, কোচকে নিয়ে প্রশ্ন উঠে যাবে। যদিও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে গম্ভীরের, কিন্তু মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। খেলাধুলা ফলাফল-ভিত্তিক এবং এখনও পর্যন্ত গম্ভীর ফলাফল দিতে পারেনি।''
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ভরাডুবির পরে প্রাক্তন তারকা ক্রিকেটাররা দলের মধ্যে তারকা সংস্কৃতি বন্ধ করার দাবিতে সরব হন।
অস্ট্রেলিয়া সিরিজের ভূত দূর করে ২২ তারিখ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
