আজকাল ওয়েবডেস্ক: লামিন ইয়ামাল গোল করলেন। গোল করালেন। আর তাঁর জন্যই বার্সেলোনা ৩-১ গোলে হারাল বার্সেলোনাকে। এই ম্যাচ জেতার ফলে লা লিগার শীর্ষে বার্সা নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করল। ম্যাচ জিতে এবং পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান ভাল থেকে আরও ভাল করে রিয়াল মাদ্রিদের উপরে চাপ বাড়াল বার্সেলোনা। 
২২ ম্যাচে বার্সেলোনার ঝুলিতে এখন  ৫৫। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্টে এগিয়ে বার্সা। 

এলচের বিরুদ্ধে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ষষ্ঠ মিনিটে ড্যানি অলমোর পাস থেকে প্রতিপক্ষের গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের ১৩-নম্বর গোল।

গোল হজম করার এক মিনিটের মধ্যেই সমতায় ফেরে এলচে। সুযোগ তৈরি করে বার্সেলোনা। আবার সুযোগ নষ্টও করে। তোরেসের শট বারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে শট নেওয়া হলে তা পোস্টে লাগে। 

৪০ মিনিটে গোল পান ফেরান তোরেস। ডি ইয়ং নিজে শট না নিয়ে তোরেসকে বল বাড়ান। ১৫ গজের শটে গোল করেন তিনি। এরপরে গোল বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন ফেরমিন লোপেজ। গোলগুলো হয়ে গেলে স্কোরলাইন আরও হৃষ্টপুষ্ট হত। 

দ্বিতীয়ার্ধে বার্সা আক্রমণের জোয়ারে  ভাসিয়ে দেয় এলচেকে। গোল নষ্টও হয়। ৭২ মিনিটে রাশফোর্ডের গোলে বার্সা ব্যবধান আরও বাড়িয়ে নেয়। 

এদিকে ব্রাজিলীয় তারকা নেইমারের প্রতি তাঁর গভীর অনুরাগের কথা ব্যক্ত করেছেন ইয়ামাল। গত মরশুমে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়েছিলেন স্পেনের তারকা। নেইমারের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। 

এগিয়ে আসছে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপ নিয়ে দু'জনের একটি পরিকল্পনার কথা জানালেন বার্সেলোনার তরুণ তুর্কি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন মাসে হবে বিশ্বকাপ।

ইয়ামাল জানান, বিশ্বকাপে ব্রাজিল ও স্পেন যদি ফাইনালে মুখোমুখি হয়, তাহলে নেইমারের সঙ্গে ছুটিতে যেতে আগ্রহী চিনি। ইয়ামাল বলেছেন, ''নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি। স্পেন আর ব্রাজিল যদি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব।''

ইয়ামালের খেলা দৃষ্টিনন্দন। এই বয়সেই তিনি নিজেকে নিয়ে গিয়েছেন এক অন্য উচ্চতায়। গোল করলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন বলেও একপ্রকার স্থির করে রেখেছেন স্প্যানিশ এই তারকা। এবারের বিশ্বকাপে স্পেনকে নিয়ে অনেকেই বাজি ধরছেন। ইয়মাল হয়ে উঠতে পারেন বিশ্বকাপের তারকা। 

২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কারা জায়গা পেলেন, কারা ছিটকে গেলেন, তা জানা যাবে কয়েকদিন পরেই। ব্রাজিল একটা প্রশ্নের সামনেই বারংবার। নেইমার কি বিশ্বকাপের দলে জায়গা পাবেন? 

চোটের লাল চোখ দেখা নেইমার সুখবরের অপেক্ষায় একথা বলাই বাহুল্য। সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়েছেন চোটের জন্যই। স্যান্টোসে ফিরেও চোট তাঁর পিছু ছাড়েনি। চোটের জন্য নেইমার আগের ছন্দে ধরা দেননি। চোট পেয়েছেন, অস্ত্রোপচার করেছেন। আবার মাঠে ফেরার অপেক্ষা করছেন। ব্রাজিলের জার্সিতে তিনি খেলতে চান। তারকা ফুটবলার মনে করেন, ব্রাজিল এবার হেক্সা জিতবে। 

নেইমারকে নিয়ে মন্তব্য করেছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। কিন্তু নেইমার স্বয়ং কী বলছেন? তারকা ফুটবলার বলেছেন, ''২০২৬ সালের শুরুটা ভালই হয়েছে। আমাদের সবার নজরে এখন জুন-জুলাই। ঈশ্বর সহায় হলে সব ঠিকঠাক হবে। ব্রাজিলও চ্যাম্পিয়ন হবে।'' 

বিশ্বকাপের দলে কি নেইমার জায়গা পাবেন? সেটাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। পুরোদস্তুর ফিট হতে হবে তাঁকে। সেই সঙ্গে অ্যানচেলোত্তির আস্থা অর্জন করতে হবে। 

২০২৩ সালে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল নেইমারকে। তার পরে অনেক জল গড়িয়ে গিয়েছে আমাজন দিয়ে। অ্যানচেলোত্তি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের জন্য তিনি নাম দেখে খেলোয়াড় নেবেন না ব্রাজিল দলে। 

নেইমারের সামনে সুযোগ খুব বেশি নেই। তাঁকে প্রমাণ করতে হবে। সেই সঙ্গে অ্যানচেলোত্তিকে খুশি করতে হবে। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য নেইমারের পরীক্ষাটা খুবই কঠিন।