আজকাল ওয়েবডেস্ক:‌ খেলা আর খেলা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বিশ্রামের সময় নেই। সদ্য শেষ হয়েছে টি–২০ বিশ্বকাপ। শুরু হয়ে গিয়েছে আইপিএল। তারপরে ফের শুরু আন্তর্জাতিক ক্রিকেট। এর মধ্যেই আরও একটি টি–২০ সিরিজের ম্যাচের সূচি ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে এক মাসের মধ্যে দশটি টি–২০ ম্যাচ খেলতে হবে ভারতকে। সব মিলিয়ে এ বছর মোট ৪৯টি টি–২০ ম্যাচ খেলবে তারা। এক দিনের বিশ্বকাপের আগের বছরে এতগুলি টি–২০ ম্যাচ খেলায় অবাক সমর্থকরা। 


ভারতীয় বোর্ড জানিয়েছে, জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি টি–২০ ম্যাচ খেলবে দল। এর ফলে ৩০ দিনের মধ্যে তাদের ১০টি টি–২০ ম্যাচ খেলতে হবে।


সূচি অনুযায়ী, ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম টি–২০ রয়েছে ২৬ জুন। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ২৮ জুন। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ় খেলবে ভারত। সেই ম্যাচগুলি রয়েছে যথাক্রমে ১, ৪, ৭, ৯ এবং ১১ জুলাই। কয়েক দিনের বিরতির পর ২৩ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি–২০ ম্যাচ। পরের দু’টি ম্যাচ ২৫ এবং ২৬ জুলাই।


এটা ঘটনা, বিশ্বকাপ ধরলে চলতি বছরে এখনও পর্যন্ত ১৪টি টি–২০ ম্যাচ খেলেছে ভারত। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও তিনটি অ্যাওয়ে টি–২০ ম্যাচ, বাংলাদেশের বিরুদ্ধে তিনটি, আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এবং এশিয়ান গেমসে কমপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা। অর্থাৎ চলতি বছরে ৪৯টি টি–২০ ম্যাচ খেলবে ভারত। যা বেশ কষ্টকর সূর্যদের ক্ষেত্রে। 


‌‌