আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হয়েছিল টেস্ট অভিষেক। বেশ ভাল পারফর্ম করেছিলেন। তারপর ঘরের মাঠে চেন্নাই টেস্টেও নিজের জাত চিনিয়েছেন আকাশ দীপ। প্রথম ইনিংসে নিয়েছিলেন দুই উইকেট। এবার সামনে কানপুর টেস্ট। প্রথম একাদশে থাকবেন কিনা এখনও নিশ্চিত নয়। তার পর রয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। তারপর হাইপ্রোফাইল বর্ডার–গাভাসকার ট্রফি। তবে বাংলার পেসার নিশ্চিত নন, যে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার ১৫ জনের দলে থাকবেন কিনা। যদিও তা নিয়ে ভাবতে রাজি নন আকাশ দীপ। শুধু পারফর্ম করে যেতে চান। আকাশ দীপ বলেছেন, ‘যখন এই পর্যায়ে খেলছি, তখন দ্বিধায় থাকার দরকার নেই। রনজিতে যেভাবে খেলেছি, আন্তর্জাতিক ক্রিকেটেও সেভাবেই খেলতে চাই। তাই আলাদা কোনও চাপ নিচ্ছি না। তাই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই ভাবতে রাজি নই। আমি বর্তমানে থাকতেই ভালবাসি।’ এরপরই তাঁর সংযোজন, ‘গত দু’বছরে অনেক ক্রিকেট খেলেছি। শুধুমাত্র তিন মাসের গল্প নয়। রনজি, দলীপ বা ইরানি। যে টুর্নামেন্টই হোক নিজের শক্তি অনুযায়ী পারফর্ম করে গেছি। দেশের হয়েও সেই কাজটাই করার চেষ্টা করছি।’
চেন্নাই টেস্টে বাংলাদেশের টপ অর্ডার নড়িয়ে দিয়েছিলেন আকাশ দীপ। পরপর দুই দলে দুই ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন। এখন দেখার কানপুর টেস্টে প্রথম একাদশে তিনি সুযোগ পান কিনা।
















