আজকাল ওয়েবডেস্ক:‌ ছাত্রের পারফরম্যান্সে উচ্ছ্বসিত স্যার। এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই শূন্য করেছিলেন অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন মাত্র ১৫। প্রথম একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছেন টি–২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ৩০ বলে ৫৫ রানের ইনিংসে দেখা দিয়েছে চেনা ঝলক। ছাত্রের খেলায় উচ্ছ্বসিত যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়ায় অভিষেককে কুর্নিশ জানিয়েছেন তিনি।


অভিষেকের ব্যাটিংয়ের ছবি দিয়ে যুবি লিখেছেন, ‘তুমি যখন ব্যাটকে সব কথা বলতে দাও, সেটাই সবচেয়ে ভাল হয়। দারুণ ইনিংস অভিষেক স্যার। এগিয়ে যাও।’ ছাত্রের প্রশংসা করতে গিয়ে তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন যুবরাজ। পরের ম্যাচগুলিতে একইভাবে খেলার উৎসাহও দিয়েছেন।


এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপে ভারতের ভাল ফলের জন্য অভিষেকের রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ কোয়ার্টার ফাইনালের মতো। জিতলে সেমিফাইনালে উঠবেন সূর্যকুমার যাদবরা। হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে গত বারের চ্যাম্পিয়নরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অভিষেক রান করায় স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে।

যুবরাজও জানেন, অভিষেকের ফর্মে থাকা এখন কতটা গুরুত্বপূর্ণ। টি–২০ বিশ্বকাপের আসল সময় ছাত্রকে চেনা মেজাজে ব্যাট করতে দেখে খুশি যুবরাজও। প্রশংসা করার পাশাপাশি পরের ম্যাচগুলিতে একইভাবে খেলে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।


প্রসঙ্গত, অভিষেক এবং শুভমান গিলকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করেছেন যুবরাজ। পাঞ্জাবের দুই ক্রিকেটারকে প্রশিক্ষণ দিতে শুরু করার সময়ই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলে দিয়েছিলেন, রঞ্জি ট্রফি বা আইপিএল খেলার জন্য তিনি প্রশিক্ষণ দেবেন না। তৈরি করবেন দেশের হয়ে খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।


ফর্ম হারানোয় টি–২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমানের। অভিষেক দলে থাকলেও প্রথম তিন ম্যাচে রান পাননি। পেটের সমস্যার জন্য একটি ম্যাচ খেলতে পারেননি। অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে রানে ফিরলেন অভিষেক।