আজকাল ওয়েবডেস্ক: সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত থেমে গিয়েছে ১১১ রানে।
এই হারের ফলে সেমিফাইনালের টিকিট পাওয়া ভারতের পক্ষে কঠিন হতে চলেছে বলেই মনে করেন অনেকে। এই আবহে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ অদ্ভুত এক পরিসংখ্যান তুলে ধরে জানাচ্ছেন, ১৬০-এর উপরে রান তাড়া করতে নেমে ভারত কোনও দিনই বিশ্বকাপে জিততে পারেনি। তিলক ভার্মা, শিবম দুবেরা ব্যর্থ। একমাত্র বিরাট কোহলি অসম্ভবকে সম্ভব করেছেন।
বীরু তাই বলছেন, ''একমাত্র বিরাট কোহলি রান পেলেই ভারত ১৬০-এর বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছে। নইলে কোনওদিন ভারত ১৬০-এর বেশি রান তাড়া করে বিশ্বকাপে জেতেনি। বেশিরভাগ ক্ষেত্রে কোহলি অপরাজিত ছিল। হয় ৮০,৬০ বা ৫০ নট আউট, কোহলি ম্যাচ শেষ করে তবে ফিরেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কে ম্যাচ শেষ করে এল? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক ক্রিকেটারের বিরাট কোহলি হওয়ার সুযোগ এসেছিল।'' কিন্তু কোহলি হওয়া সহজ নয়।
বীরু আরও বলেন, ''তিলক ভার্মার সামনে সুযোগ এসেছিল। সূর্যকুমারও সুযোগ পেয়েছিল। শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়াও বিরাট কোহলি হতে পারত। কেউ একজন তো ম্যাচ শেষ করে আসবে। বিরাট কোহলি কীভাবে ম্যাচ শেষ করছে, সেটা শিখতে হবে।''
আহমেদাবাদে থেমে গেল ভারতের অশ্বমেধের ঘোড়া। ৭৬ রানে লজ্জার হার মানতে হল গতবারের চ্যাম্পিয়নদের।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একসময়ে দারুণ এগোচ্ছিল ভারতীয় ব্রিগেড। চলার পথে যাকে সামনে পেয়েছে, উড়িয়ে দিয়েছে সূর্যর ছেলেরা। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। আহমেদাবাদে প্রোটিয়া ব্রিগেডের বোলিং আক্রমণের সামনে হারাকিরি করে বসলেন অভিষেক-ঈশান-রিঙ্কুরা। তাঁরা এলেন আর গেলেন। কেউই বিরাট কোহলি হতে পারলেন না। বিরাট কোহলি হওয়া সহজ নয়।
