আজকাল ওয়েবডেস্ক: ক্যান্ডিতে শনিবার ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। শুক্রবার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড জিতে যাওয়ায় আচমকাই এই ম্যাচে প্রাণ এসেছে।
নির্দিষ্ট অঙ্কের ভিত্তিতে হলেও পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা এখনও টিকে রয়েছে। সেমিতে উঠতে হলে পাকিস্তানকে এই ম্যাচে জিততেই হবে। অন্যদিকে, ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড শুক্রবার নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের জন্য রাস্তা অনেকটাই সহজ করে দিয়েছে।
ফলে এখন ভাগ্য পুরোটাই নির্ভর করছে পাকিস্তানের ওপরেই। বর্তমানে সুপার এইটে দ্বিতীয় গ্রুপের পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড ৩ পয়েন্ট ও +১.৩৯০ নেট রানরেটে দ্বিতীয় স্থানে রয়েছে।
পাকিস্তানের ঝুলিতে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট (নেট রান রেট −০.৪৬১)। নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে শ্রীলঙ্কাকে প্রায় ৬৪ রানে হারাতে হবে, অথবা ১৬০ রানের লক্ষ্য তাড়া করলে প্রায় ১৩.১ ওভারের মধ্যে জয় পেতে হবে।
তবে একটা আশঙ্কা সকলেই মনেই রয়েছে। ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেক্ষেত্রে কী হবে? জানা গিয়েছে, ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে আখেরে ক্ষতি হবে পাকিস্তানেরই।
এদিনের ম্যাচ পরিত্যক্ত হলে আঘা সলমনদের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে। অন্যদিকে, সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের আগের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তারা মাত্র ১ পয়েন্ট পেয়েছিল।
আরও একটি পরিত্যক্ত ম্যাচে মোট ২ পয়েন্ট হলেও নিউজিল্যান্ডের চেয়ে কমই থাকবে পাকিস্তানের পয়েন্ট। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
মাত্র ১ শতাংশ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার। তাপমাত্রা ১৯ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।
পাকিস্তান সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলম্বোতে। আর নিউজিল্যান্ড কোয়ালিফাই করলে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
এর আগে সুপার এইটে, পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের খেলাটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলস্বরূপ, উভয় দলই একটি করে পয়েন্ট পায়। এরপর নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করে। অন্যদিকে পাকিস্তান ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে যায়।
শুক্রবার সুপার এইটের ম্যাচে নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারাতে পারত, তাহলে তাদের পাঁচ পয়েন্টে হত। তাহলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যেত। সেক্ষেত্রে পাকিস্তানের আর কোনও সম্ভাবনা থাকত না।
ইংল্যান্ডের জয় পাকিস্তানকে সেমিফাইনালের দৌড়ে পুরোপুরি বাঁচিয়ে রেখেছে। যদি পাকিস্তান তাদের শেষ সুপার এইট ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারে, তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্ট সমান হবে। নেট রান রেট যাদের ভাল থাকবে সেই দল নকআউটে যাবে।
