আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। এখনও ক্যারিবিয়ানরা দেশে ফিরতে পারেনি। কলকাতাতেই পড়ে রয়েছেন ড্যারেন স্যামিরা। আর কতদিন কলকাতায় পড়ে থাকবেন শাই হোপরা? ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,''আমি বাড়ি ফিরতে চাই।''
পশ্চিম এশিয়া অশান্ত। সেখানে বোমার শব্দ। বারুদের গন্ধে ম ম করছে বাতাস। সব কিছু এলোমেলো করে দিয়েছে এমন পরিস্থিতি। বাতিল হয়ে গিয়েছে একাধিক উড়ান। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। আইসিসির অফিশিয়াল এয়ারলাইন্স পার্টনার এমিরেটস। এদিকে দুবাইয়ের আকাশে বিমান চলাচল বন্ধ।
শুরুতে জানা গিয়েছিল, চার্টার্ড ফ্লাইটে লন্ডন হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের ক্যারিবিয়ান অঞ্চলে ফেরানোর চেষ্টা করছে আইসিসি। পরিকল্পনা ছিল, সপ্তাহের মাঝামাঝি সময়ে ক্যারিবিয়ান ক্রিকেটাররা ভারত ছাড়বেন। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরেও ওয়েস্ট ইন্ডিজ এখনও কলকাতাতেই পড়ে রয়েছে। ১ মার্চ সুপার এইটে ভারতের কাছে হার মানায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের মতো আটকে পড়েছিল জিম্বাবোয়েও। জিম্বাবোয়ের একটা অংশ দিল্লি থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে। জিম্বাবোয়ের বিশ্বকাপ শেষ হয়ে যায় ১ মার্চ। ২ মার্চ ভারত থেকে দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সিকান্দর রাজাদের। দক্ষিণ আফ্রিকাও পড়ে রয়েছে কলকাতায়। বুধবার নিউজিল্যান্ডের কাছে শেষ চারের লড়াইয়ে হেরে যায় প্রোটিয়া ব্রিগেড।
I just wanna go home
— Daren Sammy (@darensammy88)Tweet by @darensammy88
ডি কক, মার্করামরা কবে, কীভাবে দেশে ফিরবেন? ওয়াংখেড়েতে আজ রয়েছে ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল। ইংল্যান্ড যদি ফাইনালের টিকিট জোগাড় করতে না পারে, তাহলে তারাই বা কীভাবে দেশে ফিরবে? অশান্ত পশ্চিম এশিয়া কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বাড়ি ফেরা বিলম্বিত করে দিল।
