আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিকেলেই কলকাতা চলে আসছে টিম ইন্ডিয়া। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা। জিম্বাবোয়েকে হারানোর পর অঙ্কটা এখন সহজ। রবিবারের ম্যাচ জেতো আর সেমিতে যাও। যে দল জিতবে তারাই যাবে শেষ চারে।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে চেন্নাই থেকে শহরে আসছে টিম ইন্ডিয়া। আমেদাবাদ থেকে ওয়েস্ট ইন্ডিজ আসবে সন্ধে নাগাদ। সূত্রের খবর, বিকেলে শহরে এসেই সন্ধেয় কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে গম্ভীরের। এমনিতে দলের সঙ্গে ভারতের যে শহরেই যান না কেন, সেখানে পরিচিত মন্দিরে পুজো দেন গম্ভীর। আর কেকেআরে খেলার সময় বা মেন্টর থাকাকালীন নিয়মিতভাবে কালীঘাটে পুজো দিতে যেতেন গম্ভীর। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলতে কলকাতা এসেও তিনি পুজো দিয়েছেন সেখানে।
আর টিম ইন্ডিয়া থাকছে কোন হোটেলে? সায়েন্স সিটির উল্টোদিকের হোটেলে। কেকেআরে খেলার সময় থেকেই এই হোটেলে থাকেন তিনি। অধিনায়ক ও মেন্টর হিসেবে যে তিনটে আইপিএল গম্ভীর জিতেছেন, সব ওই হোটেলে থেকেই। ফলে কার্যত নকআউট ম্যাচ খেলতে এসে সেখানেই থাকবে গম্ভীর সহ গোটা দল। ওয়েস্ট ইন্ডিজ থাকছে পাশেই সেই হোটেলের নবনির্মিত বিভাগে। ভারতীয় দলও অতীতে এসে থেকেছে সেই নতুন হোটেলে।
এদিকে, শোনা যাচ্ছে ইডেনে স্পোর্টিং উইকেটই হবে। ফলে ব্যাট বলের উপভোগ্য লড়াই দেখা যাবে।
এদিকে, বিশ্বকাপের মাঝেই চরম দুঃসংবাদ ভারতীয় শিবিরে। প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং। ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে গত মঙ্গলবার হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পরদিনই ফিরে আসেন। যোগ দেন দলে।
জানা গেছে, গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে রিঙ্কুর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শুক্রবার সকালে। তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ ৪) লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খানচাঁদ মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’–তে ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
