আজকাল ওয়েবডেস্ক: কালীঘাট মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে কলকাতায় এসেও কালীঘাটে পুজো দিয়েছিলেন গম্ভীর। এবারও তার অন্যথা হল না। রবিবার ইডেনে ভারত–ওয়েস্ট ইন্ডিজ হাইভোল্টেজ ম্যাচ। যে জিতবে তারাই যাবে টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচের আগে দলের জন্য প্রার্থনা করতে কালীঘাটে পুজো দিলেন গম্ভীর।
এটা ঘটনা, শুক্রবার রাতেই কালীঘাটে যাওয়ার কথা থাকলেও শেষমেশ শনি সকালেই পুজো দেন গম্ভীর। ভারতীয় ক্রিকেটাররা কলকাতায় পৌঁছন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে। তাই আর শুক্রবার পুজো দিতে যেতে পারেননি গম্ভীর। দিলেন শনিবার সকালে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে কলকাতায় ভূমিকম্প হওয়ার পর কিছুক্ষণের জন্য কলকাতা রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। চেন্নাই থেকে প্রায় মিনিট চল্লিশ পর ওড়ে সূর্যকুমার যাদবদের ফ্লাইট। শুক্রবার শহরে নেমে বিকেলের দিকে কালীঘাট মন্দিরে যাওয়ার কথা ছিল জাতীয় কোচ গৌতম গম্ভীরের। কিন্তু সেটা আর তিনি যাননি। অবশেষে শনিবার সকালে সাদা গাড়িতে কালীঘাটে পৌঁছন তিনি। পরনে ছিল কালো পোশাক। ভিতরে মাতৃমূর্তির সামনে আরতি দেন তিনি। দলের হয়ে পুজো দেন। বেশ কিছুক্ষণ পর পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন। কপালে ছিল গেরুয়া তিলক।
এটা ঘটনা, যখন নাইট রাইডার্সের মেন্টর ছিলেন, তখনও বড় ম্যাচের আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতেন। জাতীয় দলের কোচ হওয়ার পর যতবার কলকাতায় এসেছেন, ততবার কালীঘাটে গিয়েছেন। গত বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি–২০ ম্যাচের আগেও তিনি কালীঘাটে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের সময়ও কালীঘাটে গিয়েছিলেন। আর এবার মরণবাঁচন ম্যাচের আগেও গেলেন কালীঘাট মন্দিরে।
