আজকাল ওয়েবডেস্ক:‌ টিম জিতছে। কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। নামিবিয়াকে ৯৩ রানে হারানোর পর মেনে নিলেন টিম ইন্ডিয়ার টি–২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। 


সূর্য মেনে নিলেন, সব কিছু ঠিকমতো হচ্ছে না। ম্যাচের পর তিনি বলেছেন, ‘‌ভাল ম্যাচ হল। ঈশান কিষান আর সঞ্জু স্যামসন দারুণ শুরু করেছিল। ৬–৭ ওভারের পর মনে হচ্ছিল ২৪০–২৫০ রান হয়ে যাবে। সেটা হল না। উইকেটে বল একটু থেমে আসছিল। নামিবিয়ার বোলাররাও খুব ভাল বল করল। ওদের কৃতিত্ব কেড়ে নিতে চাই না। ক্রিকেট এই জন্যই অনিশ্চয়তার খেলা।’


সূর্য খুশি জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়ার পারফরম্যান্সে। আমেরিকার বিরুদ্ধে অসুস্থতার জন্য খেলতে পারেননি বুমরা। সূর্য বলে দিয়েছেন, ‘বুমরা পুরো ৪ ওভার বল করল। এটা আমাদের বড় পাওনা। অক্ষর প্যাটেলের সঙ্গে জুটিতে বরুণ চক্রবর্তীও খুব ভাল বল করল।’ আলাদা করে বললেন হার্দিকের কথা। সূর্য উচ্ছ্বসিত তাঁকে নিয়ে, ‘হার্দিক দুর্দান্ত। ভাল ব্যাট করল। নতুন বলে বল করল। শেষের দিকের ওভারগুলোতেও বেশ ভাল বল করল। যখন প্রয়োজন হচ্ছে, তখনই কিছু না কিছু করছে। আমাদের কাছে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। শুরুটা হয়ত আমরা নিখুঁত করতে পারিনি। তবে দল ঠিক পথেই এগোচ্ছে।’


ব্যাট হাতে ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলার পর বল হাতে ২১ রানে ২ উইকেট নিয়েছেন হার্দিক। তিনিই ম্যাচের সেরা। খেলার পর বললেন তাঁর প্রস্তুতির কথা, ‘খেলাটা খুব উপভোগ করছি। দু’মাস প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য। বলতে নেই, সব কিছু ঠিকঠাক হচ্ছে। ব্যাট করতে ভাল লাগে। সুযোগ এলে কাজে লাগানোর চেষ্টা করি। রান পেলে দারুণ অনুভূতি হয়। শরীর একদম ঠিক আছে। কঠোর পরিশ্রম করতে পারছি। বিশ্বকাপের মাসখানেক আগে আমি অনেকটা সেনাদের মতো ট্রেনিংও করেছি।’ সতীর্থদের প্রশংসা করে হার্দিক বলেছেন, ‘‌আমাদের বোলিং আক্রমণ বেশ ভাল। দলে ভাল জোরে বোলার রয়েছে। ভাল স্পিনাররা রয়েছে। অক্ষর, বরুণ, কুলদীপ যাদবরা দুর্দান্ত।’


তবে দিল্লির পিচ নিয়ে বেশ অবাক হার্দিক। বলেছেন, ‘‌পর পর দুটো ম্যাচে আমরা যে পিচ পেলাম, তাকে ব্যাটিং সহায়ক বলা যাবে না। এতটু ধীর গতির পিচ। আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। এমন পিচে সফল হওয়ার জন্য দক্ষতা প্রয়োজন। তবে আমরা আর একটু পাটা পিচ আশা করেছিলাম।’‌